ঢাকা, ডিসেম্বর ১২ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- বাংলাদেশে ঘূর্ণিঝড়ে ক্ষয়ক্ষতির বিষয়গুলো ইন্দোনেশিয়ার বালিতে চলমান জাতিসংঘের জলবায়ুসংক্রান্ত আন্তর্জাতিক সম্মেলনে তুলে ধরা হচ্ছে। কৃষি উপদেষ্টা সি এস করিম এ কথা জানিয়ে বলেছেন, সেখানে আলোচনায় বাংলাদেশ স্বল্পোন্নত দেশগুলোর নেতৃত্ব দিচ্ছে।
উপদেষ্টা বুধবার প্রথম আলো কার্যালয়ে পত্রিকাটির জ্যেষ্ঠ সাংবাদিকদের সঙ্গে এক মতবিনিময় সভায় অংশ নেন। তিনি ঘূর্ণিঝড় বিধ্বস্ত এলাকায় পুনর্গঠন কার্যক্রম নিয়ে বিস্তারিত আলোচনা করেন।
উপদেষ্টা জানান, ঘূর্ণিঝড়ের ক্ষতি কাটিয়ে উঠতে সরকার এলাকাভিত্তিক কৃষি পুনর্গঠনের পরিকল্পনা নিয়েছে। কয়েকটি বেসরকারি সংস্থাকে উপজেলা ভাগ করে দিয়ে সেখানকার সব ধরনের পুনর্গঠনের দায়িত্ব দেওয়া হয়েছে। বাকি এলাকাগুলোতে পুনর্গঠন কাজের তদারকি করবে সরকার। ফসলের মওসুম ও এলাকা বিবেচনা করে সে অনুযায়ী কৃষকদের সহযোগিতা করা হবে। পাশাপাশি জেলেদের দেওয়া হবে জাল ও নৌকা।
বালিতে চলমান জাতিসংঘের জলবায়ুসংক্রান্ত আন্তর্জাতিক সম্মেলনে বাংলাদেশ স্বল্পোন্নত দেশগুলোর নেতৃত্ব দিচ্ছে জানিয়ে উপদেষ্টা বলেন, এ সম্মেলনে বাংলাদেশে ঘূর্ণিঝড়ে ক্ষয়ক্ষতির বিষয়গুলো তুলে ধরা হবে।
জলবায়ু পরিবর্তনের ফলে এ ধরনের প্রাকৃতিক দুর্যোগ আরও বাড়বে মন্তব্য করে তিনি বলেন, ভবিষ্যতের ক্ষয়ক্ষতি মোকাবেলায় বাংলাদেশ উন্নত দেশগুলোর সহযোগিতা চাইবে।
বাংলাদেশে আর্ন্তজাতিক জলবায়ু পরিবর্তন বিষয়ক একটি অভিযোজন কেন্দ্র স্থাপনের জন্যও সুনির্দিষ্ট প্রস্তাব দেওয়া হবে বলে জানান তিনি।
ঘূর্ণিঝড়ের আঘাত থেকে বাংলাদেশের অসংখ্য মানুষের প্রাণ ও সম্পদ বাঁচাতে সুন্দরবন গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে
bdnews24