ঢাকা, ডিসেম্বর ১২ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- আফগানিস্তানে অপহরণকারীদের হাত থেকে মুক্ত ব্র্যাক কর্মকর্তা নূর ইসলাম বৃহস্পতিবার সকালে দেশে ফিরছেন।
তার স্ত্রী আনোয়ারা পারভীন রানী বুধবার সন্ধ্যা ৭টার দিকে টেলিফোনে বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে এ কথা জানান। তিনি বলেন, "এই মাত্র ব্র্যাকের একজন পরিচালক আমাকে জানিয়েছেন তিনি (নূর ইসলাম) বৃহস্পতিবার সকালে ঢাকা আসবেন। তিনি এমিরেটস এর একটি ফ্লাইটে বুধবার সকাল সাড়ে ৯টার দিকে কাবুল থেকে দুবাই পৌঁছান।"
ফরিদপুরে থাকা রানী নিজের অনুভূতি জানিয়ে বলেন, "অনেকই ভেবেছিলেন তাকে আর ফিরে পাওয়া যাবে না। কিন্তু শেষ পর্যন্ত তিনি ফিরে আসছেন। এ ঘটনায় আমি অত্যন্ত আনন্দিত। তার মুক্তির জন্য ব্র্যাক ও আফগান সরকারসহ সবাই আন্তরিক প্রচেষ্টা চালিয়েছে।"
রাণী জানান, নূর ইসলামকে অভ্যর্থনার জন্য তার পরিবারের সদস্যদের বিমানবন্দরে যেতে দিতে রাজি নয় ব্র্যাক কর্তৃপক্ষ। বিমানবন্দরে তারাই নূর ইসলামকে গ্রহণ করবে। পরে তাকে পাঠানো হবে পরিবারের কাছে।
তিনি বলেন, "বিমানবন্দরে আমাদের কেউ যাবে কিনা তা এখনো ঠিক করা হয়নি। পরিবারের সব সদস্যরা আলোচনা করে এ বিষয়ে সিদ্ধান্ত নেবে।"
গত ১৫ সেপ্টেম্বর আফগানিস্তানে একদল বন্দুকধারী নূর ইসলামকে অপহরণ করে। গত সপ্তাহে তিনি মুক্তি পান।
বিডিনিউজ টুয়েন্টিপোর ডটকম/কেআরসি/এসএনডি/এমএইচবি/২১২১ ঘ.
bdnews24