২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মোবাইল ফোন নিবন্ধনের সময় আরও বাড়ছে

মোবাইল ফোন নিবন্ধনের সময় আরও দু'মাস বাড়ানো হচ্ছে। পাশাপাশি নিবন্ধন ফরমটি আরও সহজ করা হবে বলে জানিয়েছেন বাংলাদেশ টেলিকমিউনিকেশন রেগুলেটরি কমিশনের (বিটিআরসি) চেয়ারম্যান অবসরপ্রাপ্ত মেজর জেনারেল মঞ্জুরুল আলম।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Dec 2007, 10:37 AM

Updated : 26 Aug 2022, 09:05 PM

ঢাকা, ডিসেম্বর ১২ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম) - মোবাইল ফোন নিবন্ধনের সময় আরও দু'মাস বাড়ানো হচ্ছে। পাশাপাশি নিবন্ধন ফরমটি আরও সহজ করা হবে বলে জানিয়েছেন বাংলাদেশ টেলিকমিউনিকেশন রেগুলেটরি কমিশনের (বিটিআরসি) চেয়ারম্যান অবসরপ্রাপ্ত মেজর জেনারেল মঞ্জুরুল আলম। বিটিআরসি চেয়ারম্যান বুধবার সাংবাদিকদের বলেন, "আরও দু'মাসের জন্য সময় বাড়ানো হচ্ছে। এর মধ্যে আমরা আবার বসব। আমরা খেয়াল করেছি, এখনকার নিবন্ধন ফরমটি পূরণ করতে গ্রামের সাধারণ মানুষের সমস্যা হচ্ছে। ফরমটি আরও সহজ করা হবে। অপারেটদের সঙ্গে আমরা এ বিষয়ে আলোচনা করেছি।" তিনি জানান, এর আগে আরেক দফা মেয়াদ বাড়ানো হলেও প্রত্যাশা অনুযায়ী নিবন্ধন হয়নি। বিশেষ করে গ্রামীণ ফোন দেশের সবচে বড় মোবাইল সেবাদানকারী প্রতিষ্ঠান হলেও তাদের নিবন্ধন হয়েছে অনেক কম। বিটিআরসি প্রথম দফায় ১৬ অক্টোবর পর্যন্ত গ্রাহকদের 'পুনরায় নিবন্ধিত' হওয়ার সময় বেঁধে দেয়। পরে দু' মাস সময় বাড়িয়ে ১৬ ডিসেম্বর শেষ তারিখ নির্ধারণ করা হয়। কিন্তু তাতেও প্রত্যাশিত সাড়া না পাওয়ায় এবং ঘূর্ণিঝড়ের কারণে দেশের দক্ষিণাঞ্চলে নিবন্ধন কাজ ঠিকমতো করতে না পারায় আবারো সময় বাড়ানোর উদ্যোগ নিল বিটিআরসি। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটককম/এমআরএফ/জেকে/১৬২৭ ঘ.