২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নতুন ওয়েজবোর্ড সংশোধনের দাবিতে সাংবাদিকদের মিছিল সমাবেশ

সাংবাদিক কর্মচারীদের নতুন বেতন ভাতা নির্ধারণে সরকার ঘোষিত ৬ষ্ঠ ওয়েজ বোর্ডের সুপারিশমালায় 'অসঙ্গতি' দূর করার দাবিতে জরুরি অবস্থার মধ্যে প্রেসক্লাবের সামনের সড়ক অবরোধ করে মিছিল করেছেন সাংবাদিক নেতারা। (আরও তথ্যসহ)

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Dec 2007, 09:38 AM

Updated : 26 Aug 2022, 09:05 PM

ঢাকা, ডিসেম্বর ১২ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)--সাংবাদিক কর্মচারীদের নতুন বেতন ভাতা নির্ধারণে সরকার ঘোষিত ৬ষ্ঠ ওয়েজ বোর্ডের সুপারিশমালায় 'অসঙ্গতি' দূর করার দাবিতে জরুরি অবস্থার মধ্যে প্রেসক্লাবের সামনের সড়ক অবরোধ করে মিছিল করেছেন সাংবাদিক নেতারা। (আরও তথ্যসহ) বুধবার জাতীয় প্রেসক্লাবের সামনে সাংবাদিকদের অবস্থান কর্মসূচীতে ৬ষ্ঠ ওয়েজ বোর্ডের সুপারিশমালায় ঘোষিত অসঙ্গতি দূর করতে আগামি ১৬ ডিসেম্বরের মধ্যে একটি পর্যালোচনা কমিটি গঠন করার দাবী জানান তারা। ১৬ তারিখের মধ্যে পর্যালোচনা কমিটি গঠন করা না হলে ১৭ তারিখ থেকে আবারও প্রেসক্লাবের সামনে অবস্থান কর্মসূচীর ঘোষণা দেন সাংবাদিকরা। ওইদিন আরও কঠোর কর্মসূচী ঘোষণা করা হবে বলে সরকারের প্রতি হুঁশিয়ারি উচ্চারণ করেন তারা। সাংবাদিকদের এ সভায় সভাপতিত্ব করেন বিএফইউজের সভাপতি এবং সাংবাদিক কর্মচারী ঐক্য পরিষদের নেতা মোজাম্মেল হক। বক্তৃতা করেন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (বিএফইউজে) এর সাবেক সভাপতি ও ইংরেজি দৈনিক 'দি বাংলাদেশ অবজারভার' এর সম্পাদক ইকবাল সোবহান চৌধুরী, বিএফইউজের মহাসচিব আব্দুল জলিল ভূঁইয়া, একাংশের সভাপতি আলতাফ মাহমুদ, অপর অংশের সভাপতি আজিজুল হক পান্না, ঢাকা সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক ওমর ফারুখ, সর্দার ফরিদ প্রমুখ। ইকবাল সোবহান চৌধুরী বলেন, ঘোষিত নতুন ওয়েজ বোর্ডে সাংবাদিকদের বঞ্চিত করা হয়েছে। এই ওয়েজ বোর্ড বাতিল করে নতুন ওয়েজ বোর্ড ঘোষণার দাবী করেন তিনি। তিনি সরকারের প্রতি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন," এবার আমরা জরুরি অবস্থা ভঙ্গ করে রাজপথে নেমেছি এবার সরকার যদি এ ব্যাপারে ব্যবস্থা না নেয় তবে সংবাদপত্রসহ সব গনমাধ্যম বন্ধ করে দেয়া হবে।" ইত্তেফাকের ছাঁটাইকৃত সাংবাদিক-কর্মচারীদের চাকরিতে পুন:বহাল করারও দাবী জানান তিনি। সাংবাদিক কর্মচারী ঐক্য পরিষদের নেতা মোজাম্মেল হক বলেন," ওয়েজ বোর্ড সংশোধন, দাবী অনুযায়ী ওয়েজ বোর্ড ঘোষণা এবং ছাঁটাইকৃত সাংবাদিক-কর্মচারীদের চাকরিতে পুন:বহাল করা না হলে ১৭ তারিখে আরও কঠোর কর্মসূচী ঘোষণা করবো আমরা।" সকাল ১১ টা থেকে দুপুর সোয়া ২টা পর্যন্ত সাংবাদিকরা প্রেসক্লাবের সামনে অবস্থান করেন। ২৭ নভেম্বর সরকার ৬ষ্ঠ ওয়েজ বোর্ড ঘোষণা করে। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এমকে/আরএ/এমএ/১৬৪০ঘ.