ঢাকা, ডিসেম্বর ১১ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- কৃষি উৎপাদনশীলতা ও খামারের আয় বাড়াতে বিশ্ব ব্যাংক বাংলাদেশ সরকারকে ৬ কোটি ২৬ লাখ ডলার ঋণ দেবে। অর্থের যোগান দেবে বিশ্ব ব্যাংকের অঙ্গ সংগঠন আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা (আইডিএ)।
মঙ্গলবার বিশ্ব ব্যাংকের এক বিবৃতিতে বলা হয়, বাংলাদেশে জাতীয় কৃষি প্রযুক্তির উন্নয়ন হলে উৎপাদন এবং খামার থেকে আয় বাড়বে।
কৃষি উৎপাদন বাড়ানোর জন্য প্রকল্প ব্যয় ধরা হয়েছে ৮ কোটি ৪৬ লাখ ডলার। এর মধ্যে আইডিএ দেবে ৬ কোটি ২৬ লাখ ডলার। বাকি অর্থের মধ্যে আন্তর্জাতিক কৃষি উন্নয়ন তহবিল দেবে এক কোটি ৯৪ লাখ ডলার এবং বাংলাদেশ সরকার দেবে ২৬ লাখ ডলারের যোগান ।
বিশ্ব ব্যাংকের ৪০ বছর মেয়াদী এই ঋণ পরিশোধে অতিরিক্ত ১০ বছর সময় দেওয়া হবে এবং সার্ভিস চার্জ হবে দশমিক ৭৫ শতাংশ।
অর্থনৈতিক সম্পর্ক বিভাগে সোমবার থেকে বিশ্ব ব্যাংক ও বাংলাদেশের প্রতিনিধি দলের সঙ্গে এ ব্যাপারে দুদিনের আলোচনা শুরু হয়। বাংলাদেশের প্রতিনিধি দলের নেতৃত্ব দেন অর্থনৈতিক সম্পর্ক বিভাগের অতিরিক্ত সচিব শহীদুল হক এবং বিশ্ব ব্যাংকের পক্ষে ছিলেন পল সিধু।
বীজ তৈরি, রোপন, প্রযুক্তি গ্রহণ ও যথাযথ প্রযুক্তির ব্যবহারের প্রতি লক্ষ্য রেখে প্রস্তাবিত জাতীয় কৃষি প্রযুক্তি প্রকল্প গ্রহণ করা হবে। এছাড়া কৃষি গবেষণার জন্য নীতিমালা তৈরি ও অবকাঠামো উন্নয়ন এবং এ ব্যাপারে বিনিয়োগের ওপরও গুরুত্ব দেওয়া হবে।
এই প্রকল্পের প্রধান তিনটি অংশ হলো- কৃষি গবেষণায় সহায়তা, কৃষি কাজের পরিধি বাড়ানোতে সহায়তা ও সরবরাহ ব্যবস্থার উন্নয়ন।
শহীদুল হক বলেন, "কৃষি গবেষণা, কার্যক্রম বৃদ্ধি, কৃষক ও বাজারকে একসূত্রে গাঁথাই প্রকল্পের মূল লক্ষ্য থাকবে।"
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এসআর/টিএইচ/এসকে/২০১৯ঘ.
bdnews24