ঢাকা, ডিসেম্বর ১১ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)--তিনটি চাঁদাবাজির মামলায় তারেক রহমানকে ও একটি চাঁদাবাজির মামলায় আরাফাত রহমান কোকোকে জামিন মঞ্জুর করে হাইকোর্টের দেয়া আদেশ স্থগিত করেনি সুপ্রিম কোর্ট।
পৃথক চারটি চাঁদাবাজির মামলায় তাদেরকে জামিন দিয়ে হাইকোর্টের দেয়া আদেশ স্থগিত করার জন্য সরকারের আবেদনের ওপর ১৩ ডিসেম্বর আপিল বিভাগের পূর্নাঙ্গ বেঞ্চে শুনানির জন্য দিন ধার্য করা হয়েছে।।
মঙ্গলবার আপিল বিভাগের চেম্বার বিচারপতি হাসান আমিনের আদালত হাইকোর্টের আদেশ স্থগিতের জন্য সরকারের দায়ের করা চারটি আবেদনের ওপর সংক্ষিপ্ত শুনানি গ্রহন করে এই আদেশ দেন। সরকার পক্ষে শুনানিতে অংশ নেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল সালাউদ্দিন আহমেদ। তারেক ও কোকোর পক্ষে শুনানিতে অংশ নেন ব্যারিস্টার রফিক উল হক ও ব্যারিস্টার মাহবুবউদ্দিন খোকন।
চাঁদাবাজির অভিযোগে দায়ের করা দুটি মামলায় গত ২ ডিসেম্বর হাইকোর্ট থেকে জামিন পান সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার বড় ছেলে বিএনপি নেতা তারেক রহমান। পরদিন ৩ ডিসেম্বর আরেকটি মামলায় তাকে জামিন দেয় হাইকোর্ট। ওইদিন তা ছোট ভাই কোকোকেও একটি চাঁদাবাজির মামলায় জামিন দেন আদালত।
গত ১ এপ্রিল ধানমন্ডি থানায় এবং ৯ এপ্রিল শাহবাগ থানায় তারেকের বিরুদ্ধে দুটি চাঁদাবাজির মামলা দায়ের করা হয়।
ধানমন্ডি থানায় মামলাটি দায়ের করেন একটি ঠিকাদারী প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক মীর জহির হোসেন। এ মামলায় ভয়ভীতি দেখিয়ে ৫৩ লাখ টাকা চাঁদাবাজির অভিযোগ আনা হয়।
শাহবাগ থানায় মামলাটি দায়ের করেন আবদুল মোমেন লিমিটেডের মহাব্যবস্থাপক খায়রুল বাশার। এ মামলায়ও ভয় ও হুমকি দিয়ে বলপূর্বক ১০ কোটি ৩১ লাখ টাকা চাঁদা আদায়ের অভিযোগ করা হয়। এ দুটি মামলায় তারেক ২ ডিসেম্বর হাইকোর্ট থেকে জামিন পান।
ঠিকাদার আফতাবউদ্দিন খানের দায়ের করা চাঁদাবাজির মামলায় ৩ ডিসেম্বর জামিন পান তারেক। ২৭ মার্চ কনস্ট্রাকশন ব্যবসায়ী আফতাবউদ্দিন খান কাফরুল থানায় ১ কোটি ৩২ লাখ টাকা চাঁদাবাজির অভিযোগে এ মামলাটি দায়ের করেছিলেন।
১ কোটি ২০ লাখ টাকা চাঁদাবাজির মামলায় কোকো জামিন পান ৩ ডিসেম্বর। গত ১৬ মে বিজ্ঞাপনী সংস্থা অ্যাড মিডিয়ার ব্যবস্থাপনা পরিচালক ও কোকোর ব্যবসায়িক অংশীদার আবু আহম্মেদ জায়েদান রাব্বি এ চাঁদাবাজির মামলাটি দায়ের করেন।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এটি/এসকে/১৯৪৯ঘ.
bdnews24