২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

খাদ্য আমদানি সহজ করতে সরকারি ক্রয় নীতিমালা সাময়িক সংশোধন

খাদ্য আমদানি সহজ করতে মঙ্গলবার সাময়িকভাবে 'সরকারি ক্রয় নীতিমালা ২০০৩' সংশোধন করেছে সরকার। পাঁচ লাখ টন চাল আমদানির পর এ সংশোধনী প্রত্যাহার করা হবে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Dec 2007, 01:34 PM

Updated : 26 Aug 2022, 09:05 PM

ঢাকা, ডিসেম্বর ১১ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- খাদ্য আমদানি সহজ করতে মঙ্গলবার সাময়িকভাবে 'সরকারি ক্রয় নীতিমালা ২০০৩' সংশোধন করেছে সরকার। পাঁচ লাখ টন চাল আমদানির পর এ সংশোধনী প্রত্যাহার করা হবে। পরিকল্পনা মন্ত্রণালয়ে অর্থনৈতিক বিষয় সম্পর্কিত উপদেষ্টা কমিটির বৈঠক শেষে অর্থ উপদেষ্টা এ বি মির্জ্জা আজিজুল ইসলাম সাংবাদিকদের এ তথ্য জানিয়ে বলেন, "খাদ্য আমদানিতে খরচ ও সময় বাঁচানোর জন্য এই আইন সংশোধন করা হয়েছে।" সংশোধিত নীতিমালায় সরকারকে দরপত্রে অংশগ্রহণকারীদের সঙ্গে দামদর করার অনুমতি দেওয়া হয়েছে। এছাড়া, কার্যাদেশ তৈরির সময় কমানো ও ঋণপত্রের (এলসি) বিপরীতে ক্রয়সীমা বাড়ানো হয়েছে। পাঁচ লাখ টন চাল আমদানির জন্য এ সুবিধা দেওয়া হবে বলে জানান উপদেষ্টা। তিনি বলেন, "লক্ষ্যমাত্রা অর্জিত হওয়ার পর এই সংশোধনী তুলে নেওয়া হবে।" অর্থনৈতিক বিষয় সম্পর্কিত উপদেষ্টা কমিটির সদস্যরা সভায় উপস্থিত ছিলেন। দরপত্রে অংশগ্রহণকারীদের সঙ্গে দামদর করার অনুমতি থাকায় সর্বনিম্ন দরদাতা লক্ষ্যমাত্রা অনুযায়ী পণ্য সরবরাহে ব্যর্থ হলে সরকার দ্বিতীয় বা তৃতীয় দরদাতার সঙ্গে দর কষাকষি করতে পারবে। এর আগে নীতিমালায় দরপত্র আহ্বানের পর থেকে কার্যাদেশ তৈরির জন্য কমপক্ষে ৪২ দিন সময় ছিল। নতুন অধ্যাদেশে এই সময় কমিয়ে ১৫ দিন করা হয়েছে। এছাড়া পুনঃদরপত্র আহ্বানের ক্ষেত্রে ওই সময় ২৮ দিন থেকে কমিয়ে ১০ দিন করা হয়েছে। এছাড়া, আগের আইনে একজন আমদানিকারক ১০ হাজার টনের ওপরে চাল আমদানির অনুমতি পেলে এর অতিরিক্ত আরও ১৫ শতাংশ বেশি চাল আনতে পারতেন। এখন ওই আমদানিকারক সরকারের সঙ্গে সমঝেতার মাধ্যমে অনুমতির দ্বিগুণ চাল আমদানি করতে পারবেন। উপদেষ্টা বলেন, "এই পদক্ষেপের ফলে আমদানিকারকরা আমদানি বাড়াতে উৎসাহিত হবেন।" এক প্রশ্নের জবাবে উপদেষ্টা জানান, ভারত থেকে পাঁচ লাখ টন চাল আমদানি করা হবে। এটা সরকারি সিদ্ধান্ত। এখন তা বাস্তবায়নের অপেক্ষায় আছে। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এসআর/টিএইচ/এসএনডি/এমএ/১৯৩০ ঘ.