কুষ্টিয়া, ডিসেম্বর ১১ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- কুষ্টিয়া-রাজবাড়ী মহাসড়কের জিলাপিতলা এলাকায় মঙ্গলবার সকালে গরুভর্তি একটি ট্রাক উল্টে দুই জন নিহত হয়েছে। আহত হয়েছেন তিন জন। দুর্ঘটনায় চারটি গরুও মারা যায়।
নিহতরা হলেন হবিবর রহমান (৩৫) ও অমর সর্দার। তারা দুই জনই গরু ব্যবসায়ী।
সকাল সোয়া ৮টার দিকে কুমারখালী উপজেলার জিলাপিতলা এলাকায় ওই দুর্ঘটনা ঘটে বলে কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মঞ্জুর মোর্শেদ জানান।
তিনি বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে বলেন, "কুষ্টিয়া থেকে এক ট্রাক গরু নিয়ে ঢাকায় যাওয়ার যাত্রীবাহী একটি বাসকে সাইড দিতে গিয়ে ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে রাস্তার পাশের খাদে পড়ে যায়। এ সময় ট্রাকের নিচে চাপা পড়ে গরু ব্যবসায়ী হবিবর ঘটনাস্থলেই মারা যান। আহত অমর সর্দারকে কুষ্টিয়া সদর হাসপাতালে নেয়া হলে বেলা সাড়ে ১১টার সময় সেখানে তার মৃত্যু হয়।"
নিহতদের বাড়ি কুষ্টিয়া সদর উপজেলার জিয়ারখী গ্রামে বলে পুলিশ জানিয়েছে।
ওসি মঞ্জুর মোর্শেদ জানান, দুর্ঘটনায় শরিফ, লিয়াকত ও রহমত নামে আরো তিন গরু ব্যবসায়ী আহত হয়েছেন। তাদের কুষ্টিয়া হাসপাতালে ভর্তি করা হয়েছে।
দুর্ঘটনার সময় ট্রাকে থাকা চারটি গরু ঘটনাস্থলে মারা যায় বলে ওই পুলিশ কর্মকর্তা জানান।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১৩৫৮ ঘ.
bdnews24