ঢাকা, ডিসেম্বর ১১ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)--বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী হামিদুর রহমানকে মঙ্গলবার সকাল ১০ টা ৪০ মিনিটে রাজধানীর জাতীয় প্যারেড গ্রাউন্ডে রাষ্ট্রীয় মর্যাদায় শ্রদ্ধা জানানো হয়েছে।
রাষ্ট্রপতি অধ্যাপক ইয়াজ উদ্দিন আহম্মেদ ও প্রধান উপদেষ্টা ফখরুদ্দীন আহমদ হামিদুর রহমানের কফিনে ফুল দিয়ে শ্রদ্ধা জানান। এসময় তিন বাহিনীর প্রধানসহ সশস্ত্রবাহিনীর একটি চৌকষ দল জাতির শ্রেষ্ঠ এই বীরকে গার্ড অব অনার প্রদান করে।
বীর শ্রেষ্ঠকে সম্মান জানানোর জন্য প্রধান উপদেষ্টা জাতীয় প্যারেড স্কয়ারে আসেন সকাল ১০ টা ২৫ মিনিটে। এরপর পরই রাষ্ট্রপতি প্যারেড স্কয়ারে এসে পৌঁছান। সেনা বাহিনী প্রধান তাদের স্বাগত জানান।
এর আগেই উপদেষ্টা পরিষদের সদস্য, তিন বাহিনী প্রধান, মুক্তিবাহিনীর উপপ্রধান, সেক্টর কমান্ডার, যুদ্ধাহত মুক্তিযোদ্ধা, বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের ভাই ও আত্মীয় স্বজন, সেনা বাহিনীর সাবেক প্রধান এবং তিন বাহিনীর সাবেক ও বর্তমান উর্ধ্বতন কর্মকর্তারা প্যারেড স্কয়ারে পৌঁছান।
রাষ্ট্রপতি পৌঁছানোর পর ১০টা ৪০ মিনিটে ২১ বার কামানের গোলা ছুড়ে বীর শ্রেষ্ঠের প্রতি সম্মান জানানো হয়। তোপ ধ্বনির পাশাপাশি শহীদ সিপাহী হামিদুর রহমানের কফিন বহনকারী শকটটি মঞ্চের দিকে এগিয়ে আসে। জাতীয় পতাকা এবং ফুলের পাপড়ি দিয়ে জড়ানো কফিনটি ফুলে ফুলে সাজানো শকটে করে নিয়ে আসেন সেনা বাহিনীর ১৮ সদস্যের একটি চৌকষ দল। প্যারেড স্কয়ারের মাঝ খানে লাল কাপড়ে মঞ্চের সামনে কফিনবাহী শকট এসে পৌঁছালে ৬ সেনা সদস্য কফিনটি নামিয়ে আনেন।
মঞ্চে আনার পর রাষ্ট্রপতি ইয়াজ উদ্দিন আহম্মেদ প্রথমে ফুলের তোড়া দিয়ে শ্রদ্ধা জানান। এরপর প্রধান উপদেষ্টা ফুল দেন বীর শ্রেষ্ঠের কফিনে। ফুল দেয়ার পর তিন বাহিনীর সদস্যরা সশ্রদ্ধ সালাম দেন। এ সময় বিউগলে বেজে উঠে করুন সুর।
সালাম শেষে বীর শ্রেষ্ঠ শহীদ সিপাহী হামিদুর রহমানের জীবন বৃত্তান্ত পড়ে শুনানো হয়। সব শেষে সেনা নিবাস মসজিদের ইমাম কোরআন তেলওয়াত ও দোয়া পরিচালনা করেন।
বীর শ্রেষ্ঠ শহীদ সিপাহী হামিদুর রহমানকে শেষ শ্রদ্ধা জানানোর জন্য সকাল থেকেই বিশিষ্ট ব্যক্তিরা জাতীয় প্যারেড স্কয়ারে আসতে থাকেন। স্পীকার জমির উদ্দিন সরকার, ডেপুটি স্পীকার আখতার হামিদ চৌধুরী, উপদেষ্টা পরিষদের সদস্য, সাবেক রাষ্ট্রপতি এএইচএম এরশাদ, ঢাকা সিটি কর্পোরেশনের মেয়র সাদেক হোসেন খোকা, মুক্তি বাহিনীর উপপ্রধান ও বিমান বাহিনীর সাবেক প্রধান এয়ার ভাইস মার্শাল (অব:) একে খন্দকার, মুক্তিযুদ্ধের সেক্টর কমান্ডার ও সাবেক সেনা বাহিনী প্রধান মেজর জেনারেল (অব:) কেএম শফিউল্লাহ, মেজর জেনারেল সিআর দত্ত, কর্ণেল (অব:) আবু ওসমান চৌধুরী, সেনা বাহিনীর সাবেক প্রধান অবসরপ্রাপ্ত লে.জে.আতিকুর রহমান, লে.জে. নূর উদ্দিন, লে.জে. মাহবুবুর রহমান, লে. জে.হারুনুর রশীদ, বিএনপি'র অস্থায়ী মহাসচিব মেজর (অব:) হাফিজ উদ্দিন, আওয়ামীলীগের প্রেসিডিয়াম সদস্য আবদুর রাজ্জাক, উইং কমান্ডার (অব:) হামিদ উল্লাহ খান, লে.কর্ণেল (অব:) ফারুক খান, কল্যাণ পার্টির প্রধান মেজর জেনারেল (অব:) সৈয়দ মোহাম্মদ ইব্রাহীমসহ সরকারের উর্ধ্বতন কর্মকর্তা এবং সেনা বাহিনীর বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা এসে উপস্থিত হন।
বিকেলে বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের দেহাবশেষ কফিন শোভাযাত্রাসহ মিরপুরের শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে নিয়ে বীরশ্রেষ্ঠ মতিউর রহমানের সমাধির পাশে রাষ্ট্রীয় মর্যাদায় পুনঃসমাধিস্থ করা হবে।
এর আগে ভোরে কুমিল্লা সেনানিবাস থেকে সড়কপথে জাতীয় পতাকায় মোড়ানো এ বীরের কফিন ঢাকা নিয়ে আসা হয়। রোববার বিকেল ৪টা ১০ মিনিটে সড়ক পথে বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের দেহাবশেষ কফিন কুমিল্লা সেনানিবাসে পৌঁছে। রাতে কফিন সেনানিবাসে রাখা হয়েছিল রাষ্ট্রীয় মর্যাদায়।
কুমিল্লা প্রতিনিধি জানান, রোববার কুমিল্লার বিবির বাজারের সীমান্তে বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের কফিন আগরতলা কৃর্তপক্ষ বাংলাদেশ সরকারের কাছে হস্তান্তর করেন। সেখানে পৌঁছালে কফিনকে বাংলাদেশের পতাকায় আচ্ছাদিত করে সেনা কর্মকর্তা মেজর পারভেজের নেতৃত্বে গার্ড অব অনার দেয়া হয়। এরপর মটর শোভাযাত্রাসহ কফিন কুমিল্লা শহর দিয়ে সেনানিবাসে আনা হয়। এই সড়কপথে রাস্তার দুই পাশে স্কুল-কলেজের ছাত্র-ছাত্রী, অবাল-বৃদ্ধ-বনিতা দাঁড়িয়ে দেশের বীর সন্তানের দেহাবশেষের কফিনের ওপর ফুল ছিটিয়ে শ্রদ্ধা জানায়।
শুক্রবার মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের যুগ্মসচিব হুমায়ুন কবীর খানের নেতৃত্বে সাত সদস্যের প্রতিনিধিদল বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের দেহাবশেষ আনতে ভারতের আগরতলায় যান। ত্রিপুরার আম্বাসা গ্রাম থেকে হামিদুর রহমানের দেহাবশেষ নিয়ে সোমবার তারা দেশে ফিরেন।
একাত্তর সালের ২৮ অক্টোবর সিলেটের ধলই সীমান্ত ঘাটির কাছে এক সম্মুখ যুদ্ধে সিপাহী হামিদুর রহমান পাকিস্তানি সৈন্যদের গুলিতে শহীদ হন। পরে তাঁকে ত্রিপুরার ধলই জেলার আম্বাসা মহাকুমার হাতিমারাছাড়া সিনিয়র বেসিক স্কুলের পূর্বপাশে রায়পাড়া গ্রামে সমাহিত করা হয়।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এসএম/এএইচডি-ইএইচবি/আরএ/জিএনএ/১২৩৫ ঘ.
bdnews24