রংপুর, ডিসেম্বর ১০ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম) - সারের দাবিতে সোমবার কৃষকরা পীরগাছা উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয় ঘেরাও করে অবস্থান কর্মসূচি পালন করেছে। প্রায় এক ঘণ্টা অবস্থানের পর ইউএনও সার দেওয়ার আশ্বাস দিলে কৃষকরা ফিরে যায়।
স্থানীয়রা জানান, সোমবার দুপুর সাড়ে এগারটার দিকে পীরগাছার তাম্বুলপুর ইউনিয়নের নামার চর, উচার চর, রহমতের চর ও আদম গ্রামের কয়েকশ কৃষক ইউএনও কার্যালয় ঘেরাও করে সার দেওয়ার দাবি জানায়।
আদম গ্রামের কৃষক আইয়ুব আলী অভিযোগ করেন, মাঠ পর্যায়ে কর্মরত কৃষি কর্মকর্তারা তাদের এলাকায় যাননি। তাদের কোনো তালিকাও করা হয়নি। তারা কৃষি কর্মকর্তার কাছে বিষয়টি বার বার জানানোর পরও তিনি তা শোনেননি। অথচ সারের অভাবে আলুসহ বিভিন্ন ক্ষেত নষ্ট হয়ে যাওয়ার উপক্রম হয়েছে।
পীরগাছার ইউএনও গৌতম কুমার বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে বলেন, "সংশ্লিষ্ট কৃষি কর্মকর্তা চরের গ্রামগুলোতে না যাওয়ায় কৃষকদের তালিকা হয়নি। এ কারণেই এ সমস্যা দেখা দিয়েছে।"
তিনি আরও বলেন, "দেড়-দুইশ কৃষক সারের দাবিতে এখানে এসেছিল। দুয়েকদিনের মধ্যে তাদের সার দেওয়ার আশ্বাস দেওয়ার পর তারা চলে গেছে।"
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/জেকে/০০১১ ঘ.
bdnews24