ঢাকা, ডিসেম্বর ১০ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম) - রাজধানীর পল্লবী এলাকায় কাজী এনামুল হক (১৪) নামের এক স্কুল ছাত্রকে পিটিয়ে হত্যা করেছে সন্ত্রাসীরা। রোববার দুপুরে এ ঘটনা ঘটে। এদিকে মহাখালীতে সোমবার সকালে সন্ত্রাসীদের গুলিতে দুই হোটেল কর্মচারী আহত হয়েছেন।
পলব্বীতে নিহত এনামুল বাইগারটেক এলাকায় সন্ত্রাসীরা কুর্মিটোলা শাহীন স্কুলের সপ্তম শ্রেণীর ছাত্র।
তার বাবা তসলিমুল হক জানান, রোববার দুপুর ১টার দিকে বাইগারটেক আজিজ মার্কেটের কাছে সাগর, রনি, জনি, রায়হানসহ ৫/৬ জন যুবক এনামুলকে বেদম পেটায়। এক পর্যায়ে সে অজ্ঞান হয়ে পড়লে হামলাকারীরা পালিয়ে যায়। পরে এনামুলকে স্থানীয় একটি হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা জানায়, সে মারা গেছে।
পল্লবী থানার উপ পরিদর্শক আব্দুস সালাম সোমবার জানান, নিহতের বাবা তসলিমুল হক এ ঘটনায় একটি হত্যা মামলা দায়ের করেছেন। মামলায় সাগর, রনি, জনি, রায়হানসহ অজ্ঞাত ৪/৫ জনকে আসামি করা হয়েছে। সোমবার লাশের ময়নাতদন্ত সম্পন্ন হয়েছে।
এদিকে সোমবার সকালে মহাখালী আবাসিক হোটেল ও রেস্টুরেন্ট এর বাবুর্চি মাহফুজ আলম (৩৫) ও নৈশপ্রহরী হাসান আলী (৪০) সন্ত্রাসীদের গুলিতে আহত হন। তাদের ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
শিল্পাঞ্চল থানার উপ পরিদর্শক নাজমুল ইসলাম বলেন, সোমবার সকাল ৭টার দিকে বাজার করতে যাওয়ার সময় অজ্ঞাত পরিচয় সন্ত্রাসীরা রসুলবাগ এলাকায় মাহফুজ ও হাসানের গতিরোধ করে এলোপাথারি গুলি ছোঁড়ে। মাহফুজের বাম পা, ডান হাত ও থুতনি এবং হাসানের ডান গালে ও বাম পায়ে গুলি লাগে।
সোমবার সন্ধ্যা পর্যন্ত এ বিষয়ে কোনও মামলা দায়ের করা হয়নি।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/জিএমএ/এমএআর/জেকে/২৩৪৩ ঘ.
bdnews24