২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

১০ ডিসেম্বর হানাদার মুক্ত হয় ভোলা, জামালপুর ও মাদারীপুর

১৯৭১ সালের ডিসেম্বরের প্রথম সপ্তাহ থেকে দেশের বিভিন্ন স্থান পাকিস্তানি হানাদার বাহিনীর দখল মুক্ত হতে শুরু করে। ১০ ডিসেম্বরও দেশের কয়েকটি অঞ্চল মুক্ত হয়। এর মধ্যে রয়েছে ভোলা, জামালপুর ও মাদারীপুর। এ উপলক্ষে ওইসব স্থানে পালিত হয়েছে নানা কর্মসূচি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Dec 2007, 03:12 PM

Updated : 26 Aug 2022, 09:04 PM

ঢাকা, ডিসেম্বর ১০ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম) - ১৯৭১ সালের ডিসেম্বরের প্রথম সপ্তাহ থেকে দেশের বিভিন্ন স্থান পাকিস্তানি হানাদার বাহিনীর দখল মুক্ত হতে শুরু করে। ১০ ডিসেম্বরও দেশের কয়েকটি অঞ্চল মুক্ত হয়। এর মধ্যে রয়েছে ভোলা, জামালপুর ও মাদারীপুর। এ উপলক্ষে ওইসব স্থানে পালিত হয়েছে নানা কর্মসূচি। আমাদের সাংবাদিকদের পাঠানো খবর-- ভোলা: ৯ ডিসেম্বর মধ্যরাতে পাকবাহিনী ভোলা থেকে পালাতে শুরু করে। ১০ ডিসেম্বর সকালেই তৎকালীন ভোলা ফৌজদারী কোর্ট ভবনের ছাদে মুক্তিযোদ্ধা-জনতা স্বাধীন দেশের পতাকা উত্তোলন করে। ভোলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ইউনিট কমান্ডার ফরিদ হোসেন বাবুল বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে জানান, ভোলায় স্থানীয়ভাবে প্রতিষ্ঠিত মুক্তিযোদ্ধারা পাকিস্তানী বাহিনীর সঙ্গে সাতটি সমুখ যুদ্ধে অবতীর্ণ হয়েছিল। ভোলা মুক্ত দিবস উপলক্ষে জেলা প্রশাসনের উদ্যোগে আলোচনা সভা ও মুক্তিযুদ্ধ বিষয়ক রচনা প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। জামালপুর: এদিন ভোর ৬টায় জামালপুরের স্থানীয় ওয়াপদা রেস্ট হাউস মাঠে মিত্র বাহিনীর উপস্থিতিতে স্বাধীন বাংলাদেশের পতাকা উত্তোলন করা হয়। এ জেলার অন্যান্য যুদ্ধের মধ্যে সীমান্তবর্তী কামালপুরের যুদ্ধ ছিল উল্লেখযোগ্য। এ যুদ্ধে পাকিস্তানী বাহিনীর ২৩৫ জন নিহত হয় এবং ৩৭৬ জন সেনা আত্মসমর্পণ করে। মিত্র বাহিনীর ১৪ জনসহ ৭৭ জন মুক্তিযোদ্ধাও এখানে শহীদ হন। মাদারীপুর: টানা ৪৮ ঘন্টা সম্মুখ যুদ্ধের পর এক মেজর ও এক ক্যাপ্টেনসহ ৭০ পাক সৈন্য মুক্তিযোদ্ধাদের কাছে আত্মসমর্পণ করলে ১০ ডিসেম্বর মাদারীপুর মুক্ত হয়। ১৯৭১ এর ২৪ এপ্রিল পাক বাহিনী শহরে প্রবেশের মধ্যে দিয়ে এখানে যুদ্ধের শুরু হয়। মুক্তিযোদ্ধাদের সঙ্গে পাক বাহিনীর বেশ কয়েকটি স্থানে যুদ্ধ হয়েছে। এগুলোর মধ্যে আছে- টেকেরহাট, পাখুল্যা, কালকিনি, কলাবাড়ী ও সমাদ্দার। সমাদ্দার ব্রিজের কাছে ৯ ডিসেম্বর সারা রাত যুদ্ধের পর ১০ ডিসেম্বর দুপুরে হ্যান্ডমাইকে আত্মসমর্পণের ঘোষণা দিয়েও সুযোগ নিয়ে আবার আক্রমন করে। সন্ধ্যার পর তারা মুক্তিযোদ্ধাদের কাছে আত্মসমর্পণ করতে বাধ্য হয়। এটি ছিল এ জেলার ভয়াবহতম যুদ্ধ। এ যুদ্ধেই শহীদ হন মাদারীপুরের সর্বকনিষ্ঠ মুক্তিযোদ্ধা সরোয়ার হোসেন বাচ্চু। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/এমএসবি/২১০৫ ঘ.