২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ইজতেমার জন্য দেড় মাসের ভিসা পাবেন মুসল্লীরা

টঙ্গীতে অনুষ্ঠেয় আগামী ২৫ থেকে ২৭ জানুয়ারির বিশ্ব ইজতেমায় আগত ধর্মপ্রাণ মুসল্লীরা ৪৫ দিনের জন্য ভিসা পাচ্ছেন। তবে কেউ চাইলে আবেদনের পরিপ্রেক্ষিতে ভিসার মেয়াদ সর্বোচ্চ ১৩০ দিন পর্যন্ত করে নিতে পারবেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Dec 2007, 02:27 PM

Updated : 26 Aug 2022, 09:04 PM

ঢাকা, ডিসেম্বর ১০ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- টঙ্গীতে অনুষ্ঠেয় আগামী ২৫ থেকে ২৭ জানুয়ারির বিশ্ব ইজতেমায় আগত ধর্মপ্রাণ মুসল্লীরা ৪৫ দিনের জন্য ভিসা পাচ্ছেন। তবে কেউ চাইলে আবেদনের পরিপ্রেক্ষিতে ভিসার মেয়াদ সর্বোচ্চ ১৩০ দিন পর্যন্ত করে নিতে পারবেন। সোমবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে অনুষ্ঠিত বিশ্ব ইজতেমার প্রস্তুতি বিষয়ক এক সভায় এ তথ্য জানানো হয়। এতে সভাপতিত্ব করেন স্বরাষ্ট্র সচিব আবদুল করিম। নিরাপত্তা সংশ্লিষ্ট বিভিন্ন সংস্থার প্রধান ও প্রতিনিধি, গাজীপুরের জেলা প্রশাসক, টঙ্গীর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও বহিরাগমন বিভাগের দায়িত্বশীল কর্মকর্তাসহ তাবলিগ জামাতের নেতারা এতে উপস্থিত ছিলেন। সভায় উপস্থিত নাম প্রকাশে অনিচ্ছুক একজন দায়িত্বশীল কর্মকর্তা জানান, বিশ্ব ইজতেমা উপলক্ষে সরকার ভিসা নীতিতে একটি নতুন ক্যাটাগরি যোগ করেছে। বিশ্ব ইজতেমায় আগত মুসল্লীদের 'টিআই' ক্যাটাগরির ভিসা দেওয়া হবে। এসব মেয়াদ সর্বোচ্চ ১৩০ দিন পর্যন্ত থাকবে। তবে সাধারণভাবে আগত মুসল্লীদের ৪৫ দিনের জন্য ভিসা দেওয়া হবে। তিনি জানান, সভায় ইজতেমায় আগত মুসল্লীদের চারটি প্রবেশ স্থলে অভ্যর্থনা জানানোর সিদ্ধান্ত নেওয়া হয়। জিয়া আন্তর্জাতিক বিমানবন্দর, বেনাপোল, বুড়িমারি ও আখাউড়া সীমান্তে তাদের অভ্যর্থনা জানাবে কাস্টমস, বহিরাগমন বিভাগ ও তাবলিগ জামাতের প্রতিনিধিরা। এছাড়াও ইজতেমায় আগত মুসল্লী ও ভিভিআইপি ব্যক্তিদের নিরাপত্তার জন্য অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শকের (প্রশিক্ষণ) নেতৃত্বে একটি কমিটি গঠন করা হয়েছে। কমিটি সার্বিক নিরাপত্তার ব্যাপারে প্রস্তুতি নেবে। সভায় ইজতেমা এলাকায় অবৈধ স্থাপনা উচ্ছেদ ও প্রবেশ পথগুলোতে পল্টুন সেতু স্থাপনের বিষয়ে আলোচনা হয়। ইজতেমার প্রবেশ পথগুলোতে সেনাবাহিনীর ব্যবস্থাপনায় আটটি পল্টুন সেতু স্থাপন করা হবে। এছাড়াও রাস্তা সংস্কার ও রাস্তার পাশে থেকে বিভিন্ন অশ্লীল পোস্টার অপসারণের সিদ্ধান্ত নেওয়া হয়। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এমকে/এমএআর/এমএ/২০২০ঘ.