২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দুর্যোগ মোকাবেলায় টেলিযোগাযোগ খাতে আঞ্চলিক সহায়তা বাড়ানোর আহ্বান

দুর্যোগ মোকাবেলায় টেলিযোগাযোগ ক্ষেত্রে দক্ষিণ এশিয়ার দেশগুলোর পারস্পরিক সহযোগিতা বাড়ানোর ওপর গুরুত্ব দিয়ে ঢাকায় শুরু হয়েছে নবম সাউথ এশিয়ান টেলিকমিউনিকেশন রেগুলেটরস কাউন্সিল (এসএটিআরসি)।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Dec 2007, 09:47 AM

Updated : 26 Aug 2022, 09:05 PM

ঢাকা, ডিসেম্বর ১০ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- দুর্যোগ মোকাবেলায় টেলিযোগাযোগ ক্ষেত্রে দক্ষিণ এশিয়ার দেশগুলোর পারস্পরিক সহযোগিতা বাড়ানোর ওপর গুরুত্ব দিয়ে ঢাকায় শুরু হয়েছে নবম সাউথ এশিয়ান টেলিকমিউনিকেশন রেগুলেটরস কাউন্সিল (এসএটিআরসি)। সোমবার হোটেল র‌্যাডিসনে চার দিনব্যাপী এ সম্মেলন উদ্বোধন করেন ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের উপদেষ্টা মির্জ্জা আজিজুল ইসলাম। ঘূর্ণিঝড় সিডরের দুর্যোগ মোকাবেলায় টেলিযোগাযোগ ব্যবস্থা গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে উল্লেখ করে উপদেষ্টা বলেন, "এ ধরনের দুর্যোগ মোকাবেলায় এ ক্ষেত্রে দক্ষিণ এশিয়ার দেশগুলো পারস্পরিক সহযোগিতা আরো বাড়াতে পারে।" টেলিযোগাযোগের ক্ষেত্রে আঞ্চলিক শুল্ক কমাতে দক্ষিণ এশিয়ার দেশগুলোকে এগিয়ে আসার আহ্বানও জানান তিনি। মির্জ্জা আজিজুল ইসলাম বলেন, "১০ বছর আগেও আমাদের দেশে এক ভাগের কম মানুষ টেলিফোন সুবিধা ভোগ করতো। মোবাইল ফোনের কারণে এখন ২০ ভাগের বেশি মানুষ এ সুবিধা পাচ্ছে। বেসরকারি খাতকে উৎসাহিত করা হচ্ছে। টেলিযোগাযোগ খাতে এ উদারীকরণ অব্যাহত রাখতে হবে। গ্রামের লোকদের কাছে সুবিধা পৌঁছে দিতে হবে। সেবার মান ও মূল্যের দিক থেকে একটি সুস্থ প্রতিযোগিতার পরিবেশ গড়ে তুলতে হবে।" টেলিযোগাযোগের ক্ষেত্রে দক্ষিণ এশিয়া গুরুত্বপূর্ণ এলাকা উল্লেখ করে মির্জ্জা আজিজুল বলেন, "দক্ষিণ এশিয়ার দেশগুলো এক্ষেত্রে পারস্পরিক সহযোগিতার মাধ্যমে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। আমরা প্রতিবেশীদের সঙ্গে কাজ করার আশা করি। যাতে আঞ্চলিক ট্যারিফ কমে আসে।" সূচনা বক্তব্যে এশিয়া প্যাসিফিক টেলিকমিউনিটির মহাসচিব অমরেন্দ্র নারায়ণ বলেন, "বিশ্বের মোট জনসংখ্যার ৬২ ভাগ এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে বাস করে। বাণিজ্যিক কারণে অনেকেই আমাদের বাজার হিসাবে চিহ্নিত করতে চায়। কিন্তু আমরা শুধু বাজার নই, এর চেয়েও বেশি কিছু।" টেলিযোগাযোগ ক্ষেত্রে বাংলাদেশের উন্নতি ক্ষুদ্র অর্থনীতির ব্যবস্থাপনার উল্লেখযোগ্য উদাহরণ মন্তব্য করে অমরেন্দ্র নারায়ণ বলেন, "এ অঞ্চলকে গতিশীল রাখতে টেলিযোগাযোগ ব্যবস্থার আরো উন্নয়ন ঘটাতে হবে। যা আঞ্চলিক বাণিজ্য গতিশীল করবে।" তিনি বলেন, "প্রাকৃতিক দুর্যোগ এ অঞ্চলের সবারই সমস্যা। দুর্যোগ মোকাবেলায় টেলিফোন নেটওয়ার্ক কাজ করতে পারে। একত্রে কাজ করতে পারলে অনেক সুবিধা পাওয়া যাবে।" এসএটিআরসি চেয়ারম্যান কিনলে টি ওয়াংচুক বলেন, "সহযোগিতার ক্ষেত্র তৈরি করা গেলে অনেক ক্ষেত্রেই সমাধান পাওয়া যাবে। এ অঞ্চলের রেগুলেশন এজেন্সিগুলোর পারস্পরিক সহযোগিতা দরকার।" অনুষ্ঠানে বক্তব্য রাখেন বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ সংস্থার (বিটিআরসি) চেয়ারম্যান মঞ্জুরুল আলম, ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের সচিব মো. খুরশিদ আলম প্রমুখ। এসএটিআরসির নবম বৈঠকে সার্কভুক্ত দেশের রেগুলেটরগুলোর বিভিন্ন বিষয়সহ দুর্যোগ মোকাবেলায় পারস্পরিক সহযোগিতার ক্ষেত্র তৈরির প্রক্রিয়া নিয়ে আলোচনা হবে বলে কর্মকর্তারা জানান। সম্মেলনে দক্ষিণ এশিয়ার দেশগুলো ছাড়াও পর্যবেক্ষক হিসাবে ইরান অংশ নিচ্ছে। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এমআরএফ/এমআই/এমএ/১৫৩৬ ঘ.