ঢাকা,০৯ ডিসেম্বর (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)--সরকার ৩ সদস্যের জাতীয় মানবাধিকার কমিশন গঠনের জন্য এ সংক্রান্ত অধ্যাদেশ চূড়ান্তভাবে অনুমোদন করেছে। আগামী বছরের প্রথম দিকেই মানবাধিকার কমিশন গঠনের সম্ভাবনা রয়েছে। (বিস্তারিত আসছে)
রোববার উপদেষ্টা পরিষদের সাপ্তাহিক বৈঠকে 'জাতীয় মানবাধিকার কমিশন অধ্যাদেশ ২০০৭' অনুমোদন করা হয়। আগামীকালের বিশ্ব মানবাধিকার দিবসের প্রাক্কালে সরকার এ কমিশন অধ্যাদেশ অনুমোদন দিল।
বৈঠক শেষে প্রধান উপদেষ্টার প্রেস সচিব সৈয়দ ফাহিম মুনেম সাংবাদিকদের এ তথ্য দেন। অধ্যাদেশটি গেজেট প্রকাশের মাধ্যমে কার্যকর হবে।
প্রেস সচিব বলেন, কমিশনের একজন চেয়ারম্যান ও ২ জন সদস্য থাকবেন। এদের নির্বাচনের জন্য ৬ সদস্যের বাছাই কমিটি গঠন করা হয়েছে। কমিটির সুপারিশ অনুযায়ী রাষ্ট্রপতি তাদের নিয়োগ দেবেন। তিন সদস্যের মধ্যে একজন সুুপ্রিম কোর্টের কর্মরত বিচারপতি বা অবসরপ্রাপ্ত বিচারপতি হবেন।
চেয়ারম্যান ও সদস্যদের ৩ বছর মেয়াদে নিয়োগ দেয়া হবে। কোন সদস্য দু'বারের বেশি নিয়োগ পাবেন না। নিয়োগপ্রাপ্তদের বয়স অবশ্যই ৫০ বছরের বেশি এবং ৭২ বছরের নিচে হতে হবে।
সৈয়দ ফাহিম মুনেম বলেন, বাছাই কমিটির সভাপতি হবেন প্রধান বিচারপতির মনোনীত আপীল বিভাগের বিচারক। সদস্যরা হচ্ছেন মন্ত্রিপরিষদ বিভাগের সচিব,অ্যাটর্র্নি জেনারেল, কম্পোট্রলার অ্যান্ড অডিটর জেনারেল, সরকারি কমর্ কমিশনের চেয়ারম্যান এবং আইন সচিব।
তিনি বলেন, সুপ্রিম কোর্টের বিচারকদের যে পদ্ধতিতে অপসারণ করা হয় মানবাধিকার কমিশনের সদস্যদের অপসারণের ক্ষেত্রে সেই একই পদ্ধতি অনুসরণ করা হবে।
মানবাধিকার লংঘনের বিষয়ে অভিযোগ করার পর এ কমিশন তদন্ত করবে। তদন্তে অপরাধ পাওয়া গেলে কমিশন প্রথমে দু'পক্ষের মধ্যে আপোষের ব্যবস্থা করবে । আপোষ না হলে তারা মামলা করার জন্য আদালতের কাছে সুপারিশ করবে। কমিশন নিজে কাউকে সাজা দিতে পারবে না। তারা শুধু সুপারিশ করবে।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এএইচডি/ইএইচবি/এসকে/১৯৪৯ঘ.
bdnews24