চট্টগ্রাম, ডিসেম্বর ০৯ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- রাজধানীর র্যাংগস ভবন ধসে পড়ার ঘটনাটিকে নাশকতা সন্দেহ করে বিষয়টি খতিয়ে দেখার আহ্বান জানিয়েছে ভবনটি ভাঙার কাজে নিয়োজিত ঠিকাদারি প্রতিষ্ঠান।
চট্টগ্রামের সিক্সস্টার সিন্ডিকেট নামে ওই ঠিকাদারি প্রতিষ্ঠান গত আগস্ট মাসে ভবনটি ভাঙার কাজ পায়। পরে তারা তিন জন ঠিকাদারকে ভবন ভাঙার দায়িত্ব দেয় বলে জানান প্রতিষ্ঠানটির মালিক মোজাহির সওদাগর।
শনিবার রাতে ভবনটি ধসে কয়েক জন শ্রমিক হতাহত হন।
দুর্ঘটনার কারণ অনুসন্ধানে গণপূর্ত মন্ত্রণালয় তিন সদস্যের একটি কমিটি গঠন করেছে। গৃহায়ন ও গণপূর্ত উপদেষ্টা ব্যারিস্টার মইনুল হোসেন দুর্ঘটনার জন্য ঠিকাদারি প্রতিষ্ঠানটিকেই দায়ী করেছেন।
চট্টগ্রামের আশরাফ আলী রোডে সিক্সস্টার কার্যালয় গেলে প্রতিষ্ঠানের কর্ণধার মোজাহির সওদাগর রোববার বিকালে বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে বলেন, "এটি নিছক দুর্ঘটনা কিনা- তা খতিয়ে দেখতে হবে।" ছাদ ভেঙে পড়ার সময় শ্রমিকরা তাকে ভবনের মধ্যে আগুন দেখা যাওয়ার কথা বলেছেন জানিয়ে মোজাহির সওদাগর বলেন, বিষয়টি তাদের মনে সন্দেহের উদ্রেক করেছে।
তিনি আরো বলেন, "রাবিশ সরানোর জন্য সাত তলা পর্যন্ত ফুটো করা হয়েছিল। কিন্তু ভবনের তিন তলা পর্যন্ত ফুটো কিভাবে হলো তাও সন্দেহের বিষয়।"
মোজাহির সওদাগর জানান, রাজউকের দরপত্রে অংশ নিয়ে ৮০ লাখ টাকার কার্যাদেশ পায় তার প্রতিষ্ঠান। কার্যাদেশ পাওয়ার পরে তিন জন ঠিকাদারকে ভবনটির সাত তলা থেকে ওপরে ভাঙার সাব কন্ট্রাক্ট দেন তারা।
ভবন ভাঙার দায়িত্বরত সাব-কন্ট্রাক্টররা নিয়ম মাফিক কাজ করছিল বলে দাবি করেন তিনি।
৩ আগস্ট সুপ্রিম কোর্ট বিতর্কিত র্যাংগস ভবনের নিচের অনুমোদিত ৬ তলা রেখে বাকি ১৬ তলা ভেঙে ফেলার নির্দেশ দেয়। তেজগাঁও পুরনো বিমানবন্দর থেকে বিমান উড্ডয়নে ঝুঁকি থাকায় ওই এলাকায় ৬ তলার বেশি উঁচু ভবন নির্মাণ নিষিদ্ধ।
৪ আগস্ট ভোর থেকে র্যাংগস ভবন ভাঙার কাজ শুরু হয়। কয়েকশ শ্রমিক এ কাজ করছে। ২২ তলাবিশিষ্ট র্যাংগস ভবনের কাজ শুরু হয় ১৯৮৯ সালে। নির্মাণকাজ শেষ হতে সময় লেগেছে ১০ বছর।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এমসি/আরএআর/এমআই/এসকে/১৯০২ঘ.
bdnews24