ঢাকা, ডিসেম্বর ০৯ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- র্যাংগস ভাঙার সময় দুর্ঘটনার জন্য সংশ্লিষ্ট ঠিকাদারি প্রতিষ্ঠানকে ধরা হবে বলে জানিয়েছেন গৃহায়ন ও গণপূর্ত উপদেষ্টা ব্যারিস্টার মইনুল হোসেন। একইসঙ্গে দুর্ঘটনায় আহতদের সুচিকিৎসার আশ্বাসও দিয়েছেন তিনি।
শনিবার রাতে র্যাংগস ভবনের ১৮ তলার ছাদ ধসে এক শ্রমিকের মৃত্যু হয়। আহতও হয় বেশ কয়েকজন। এ সব শ্রমিক ভবনটি ভাঙার কাজ করছিলেন।
ব্যারিস্টার মইনুল হোসেন রোববার সকালে টেলিফোনে বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে বলেন, "অভিজ্ঞতার দিক বিবেচনা করেই ঠিকাদারি প্রতিষ্ঠান সিক্সস্টারকে কাজটি দেয়া হয়েছিল। অভিজ্ঞতা সম্পন্ন প্রতিষ্ঠানের কাজের ক্ষেত্রে এ ধরনের দুর্ঘটনা প্রত্যাশিত নয়।"
দুর্ঘটনায় হতাহতের ঘটনায় উপদেষ্টা দুঃখ প্রকাশ করেন। তিনি বলেন, "আহতদের চিকিৎসার ব্যবস্থা করা হবে"।
৪ আগস্ট র্যাংগস ভবন ভাঙার কাজ শুরু হওয়ার পর থেকে এ নিয়ে দুই জন শ্রমিকের মৃত্যু হল।
ব্যারিস্টার মইনুল বলেন, "ভবন ভাঙার কাজটি সরকার সরাসরি করছে না। কাজটি ঠিকাদারি প্রতিষ্ঠানকে দেয়া হয়েছে।"
গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের সচিব দুর্ঘটনার বিষয়টি খতিয়ে দেখছেন বলে উপদেষ্টা জানান।
শনিবারের দুর্ঘটনার বিষয়ে দমকল বিভাগের মহাপরিচালক রফিকুল ইসলাম জানান, নবম তলায় কাজ করার সময় ধ্বংসাবশেষের নিচে চাপা পড়ে আমীরুল ইসলাম নামে এক শ্রমিকের মৃত্যু হয়।
দমকল বিভাগের উপ-পরিচালক সেলিম নেওয়াজ ভূইয়া জানান, ভবনের সবচেয়ে ওপরের তলায় ভবনের ভাঙা 'রাবিশ' জমা রাখা হয়েছিল। ধারণা করা হচ্ছে, এর চাপেই ছাদ ধসে পড়ে।
৩ আগস্ট সুপ্রিম কোর্ট বিতর্কিত র্যাংগস ভবনের ৬ তলা রেখে বাকি অবৈধ ১৬ তলা ভেঙে ফেলার নির্দেশ দেয়। তেজগাঁও পুরাতন বিমানবন্দর থেকে বিমান উড্ডয়নে ঝুঁকি থাকায় ওই এলাকায় ৬ তলার বেশি উঁচু ভবন নির্মাণ নিষিদ্ধ।
৪ আগস্ট ভোর থেকে র্যাংগস ভবন ভাঙার কাজ শুরু হয়। কয়েকশ শ্রমিক এ কাজ করছে। ২২ তলাবিশিষ্ট র্যাংগস ভবনের কাজ শুরু হয় ১৯৮৯ সালে। শেষ হতে সময় লেগেছে ১০ বছর।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এএইচডি-ইএইচবি/এমআই/জিএনএ/১২০০ ঘ.
bdnews24