যশোর, ডিসেম্বর ৮ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম) - যশোর জেনারেল হাসপাতালে শনিবার কারারক্ষীদের সঙ্গে সংঘর্ষে তিনজন চিকিৎসকসহ কমপক্ষে ১৫ জন আহত হয়েছেন। এ ঘটনায় জরুরি বিভাগ ছাড়া হাসপাতালের যাবতীয় সেবা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছেন চিকিৎসকরা।
হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, শনিবার রাত আটটার দিকে হাসপাতাল ফটকের নিরাপত্তারক্ষীরা যশোর কারাগারের জেলার কামরুল ইসলামকে ভেতরে প্রবেশে বাধা দেয়। এতে ক্ষিপ্ত হয়ে জেলারের সঙ্গে থাকা কারারক্ষীরা ফটক ভেঙে ভেতরে প্রবেশ করে এবং কর্মচারী ও চিকিৎসকদের ওপর হামলা চালায়।
এতে ডা. স্বপন কুমার সরকার, ডা. ইকবাল হোসেন, ডা. শওকত আলী, সিনিয়ির স্টাফ নার্স আনোয়ারা খাতুন, নার্স শান্তি মিস্ত্রী, চতুর্থ শ্রেণীর কর্মচারী সরওয়ার ও সুলতানসহ কমপক্ষে ১৫ জন আহত হন।
হাসপাতালের সুপার ডা. হাসান আল মামুন বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে বলেন, "হাসপাতালে আব্দুর রশীদ ঢালী ও রাসেল নামে দুজন হাজতি ভর্তি রয়েছেন। তাদের খোঁজ-খবর নেওয়ার জন্য জেলার রাত ৮টার দিকে হাসপাতালে যান। কিন্তু ওই সময় ডাক্তারদের রাউন্ড চলায় গেটে তালা দেওয়া ছিল। এ কারণে হাসপাতালের নিরাপত্তারক্ষীরা জেলারকে ভেতরে ঢুকতে বাধা দেয়। কিন্তু তিনি সঙ্গের লোকজন নিয়ে তালা ভেঙে ভেতরে প্রবেশ করেন এবং কর্মচারীদের ওপর হামলা চালান।"
সুপার অভিযোগ করেন, ডাক্তার-নার্সরা বাধা দিলে জেলার কারাগারে ফোন করে আরো কারারক্ষী ডেকে আনেন। সেখান থেকে প্রায় দুইশ কারারক্ষী লাঠিসোঁটা নিয়ে ডাক্তারদের ওপর হামলা চালালে সংঘর্ষ বেঁধে যায়। প্রায় এক ঘণ্টা এ সংঘর্ষ চলে।
কোতোয়ালি থানা পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন (বিএমএ) যশোর শাখা সম্পাদক ইমদাদুল হক বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে জানান, হামলার প্রতিবাদে বিএমএ যশোর শাখা দোষীদের গ্রেপ্তার ও ঘটনার সুষ্ঠু বিচারের দাবিতে অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতি ঘোষণা করেছে।
সংগঠনের সভাপতি মোজাম্মেল হক জানান, দাবি পূরণ না হওয়া পর্যন্ত জরুরি বিভাগ ছাড়া হাসপাতালের সব ধরনের সেবা বন্ধ থাকবে।
জেলা প্রশাসক আবুয়াল হোসেন ও পুলিশ সুপার ইকবাল বাহার ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
হাসপাতাল সুপার হাসান আল মামুন জানান, পরিস্থিতি আলোচনার জন্য রাতে জেলা প্রশাসকের কার্যালয়ে ডাক্তার, কারা কর্তৃপক্ষ, পুলিশ ও জেলা প্রশাসনের মধ্যে বৈঠক হয়। এখানে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সঞ্জয় কুমার বণিককে প্রধান করে তিন সদস্যবিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করা হয়। কমিটিকে আগামী তিন দিনের মধ্যে তদন্ত প্রতিবেদন দিতে বলা হয়েছে। এছাড়া কর্মবিরতি প্রত্যাহার করার জন্য ডাক্তারদের প্রতি আহ্বান জানানো হয়।
কর্মবিরতি প্রত্যাহার বিষয়ে হাসপাতাল সুপার বলেন, "এ ব্যাপারে এখনও কোনো সিদ্ধান্ত হয়নি। রোববার সকালে সিদ্ধান্ত নেওয়া হবে।"
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/জেকে/এসকে/০২১৪ঘ.
bdnews24