২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বাগেরহাট ও লক্ষ্মীপুরে ডাকাতি, ৩ জন গুলিবিদ্ধ

বাগেরহাট ও লক্ষ্মীপুর জেলায় শুক্রবার রাতে ডাকাতদের গুলিতে তিনজন আহত হয়েছেন। ডাকাতরা এ সময় নগদ টাকা, স্বর্ণালঙ্কারসহ বিভিন্ন মালামাল লুট করে নিয়ে যায়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Dec 2007, 03:47 PM

Updated : 26 Aug 2022, 09:04 PM

ঢাকা, ডিসেম্বর ০৮ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- বাগেরহাট ও লক্ষ্মীপুর জেলায় শুক্রবার রাতে ডাকাতদের গুলিতে তিনজন আহত হয়েছেন। ডাকাতরা এ সময় নগদ টাকা, স্বর্ণালঙ্কারসহ বিভিন্ন মালামাল লুট করে নিয়ে যায়। আমাদের বাগেরহাট ও গোপালগঞ্জ প্রতিনিধিরা জানিয়েছেন, বাগেরহাটের মোল্লাহাট উপজেলার উদয়পুর ইউনিয়নের আস্তাইল গ্রামে শুক্রবার গভীর রাতে একটি ডাকাতদল চারটি বাড়ির সবাইকে অস্ত্রের মুখে জিম্মি ও মারধর করে নগদ টাকা, স্বর্ণালংকারসহ লক্ষাধিক টাকার মালামাল লুট করে। ডাকাতদের ছোঁড়া গুলি ও অস্ত্রাঘাতে চারটি বাড়ির ৮ ব্যক্তি আহত হয়েছে। ডাকাতদের ছোঁড়া গুলিতে উজ্জ্বল সরকার (২৬) ও শ্যামল সরকারকে (৩৫) গুরুতর আহত অবস্থায় গোপালগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। মোল্লাহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মোস্তফা বলেন, শুক্রবার গভীর রাতে ১০/১২ জনের সশস্ত্র একটি ডাকাতদল আস্তাইল গ্রামের চারটি বাড়িতে ডাকাতি করে। ডাকাতরা প্রথমে হরি নারায়ণ সরকারের বাড়ির দরজা ভেঙ্গে প্রবেশ করে অস্ত্রের মুখে সবাইকে মারধর করে নগদ টাকা, স্বর্ণালংকারসহ মালামাল লুট করে। এরপর তারা প্রণব সরকার, হীরেন্দ্র নাথ সরকার ও চিত্ত রঞ্জন সরকারের বাড়িতে প্রবেশ করে একই কায়দায় সবাইকে জিম্মি ও মারধর করে নগদ টাকা ও স্বর্ণালঙ্কার লুট করে। ডাকাতদের হামলায় আহত হরি নারায়ণ সরকার, প্রণব সরকার (৪২), হীরেন্দ্র নাথ সরকার ও চিত্ত রঞ্জন সরকারকে স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়েছে। গ্রামে ডাকাতদলের উপস্থিতি টের পেয়ে স্থানীয় মসজিদের মাইক থেকে গ্রামবাসীদের ডাকাত প্রতিরোধে আহ্বান জানানো হয়। এ সময় গ্রামবাসী সংঘবদ্ধ হয়ে লাঠিসোটা নিয়ে ডাকাতদলকে ঘিরে ফেলে। ডাকাতরা গ্রামবাসীর উপর এলোপাথারি গুলি ও বোমা বর্ষণ করে পালিয়ে যায়। গোপালগঞ্জ সদর হাসপাতালে চিকিৎসাধীন গুলিবিদ্ধ উজ্জ্বল সরকার শনিবার সাংবাদিকদের জানান, শুক্রবার গভীর রাতে ১০/১২ জনের সশস্ত্র একটি ডাকাতদল তাদের বাড়িতে প্রবেশ করে ঘরের দরজা ভেঙে ঘরে ঢুকে অস্ত্রের মুখে সবাইকে জিম্মি ও বেদম মারপিট করে নগদ টাকা, স্বর্ণালংকারসহ মালামাল লুট করে নিয়ে যায়। ওসি গোলাম মোস্তফা বলেন, ডাকাতির ঘটনায় কেউ মামলা না করলেও পুলিশ আজ রাতে (শনিবার) অ্যাকশনে যাবে। লক্ষ্মীপুর প্রতিনিধি জানান, সদর উপজেলার চৌপল্লী গ্রামে শুক্রবার রাতে সৌদি প্রবাসী মাইনউদ্দিনকে (৪০) ডাকাতরা গুলি করে ও কুপিয়ে গুরুতর জখম করেছে। রাতেই তাকে লক্ষ্মীপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। এলাকাবাসী জানায়, ১৪/১৫ জনের সশস্ত্র ডাকাতদল শুক্রবার রাতে প্রবাসী মাইনউদ্দিনের বাড়িতে দরজা ভেঙে প্রবেশ করে। এ সময় মাইনউদ্দিন ডাকাতদের বাধা দিলে তাকে গুলি করে। এক পর্যায়ে হত্যার উদ্দেশ্যে কুপিয়ে মারাত্মক জখম করে। ডাকাত দল বাড়ির সবাইকে বেধে নগদ ৫০ হাজার টাকা, ৮ ভরি স্বর্ণালঙ্কারসহ প্রায় দু'লাখ টাকার মালামাল নিয়ে পালিয়ে যায়। পুলিশ ঘটনাস্থল থেকে একটি তাজা গুলি ও গুলির একটি খোসা উদ্ধার করেছে। স্থানীয় দত্তপাড়া পুলিশ তদন্ত কেন্দ্রের উপ-পরিদর্শক (এসআই) খায়রুল ইসলাম বলেন, ঘটনার পরপরই পুলিশ ঘটনাস্থলে পৌঁছে। এ ব্যাপারে মামলার প্রস্তুতি চলছে। তদন্ত সাপেক্ষে অপরাধীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএআর/ এমএসবি/২১৪২ ঘ.