যশোর, ডিসেম্বর ০৮ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম) - ছেলেকে আর বিদেশে যেতে দিতে রাজি নন আফগানিস্তানে ব্র্যাক কর্মকর্তা নূরু ইসলামের মা জহুরা বেগম। দীর্ঘ ৮২ দিন পর অপহরণকারীদের হাত থেকে ছেলের মুক্তির খবর পেয়ে শনিবার বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, "হারানো মানিক ফিরে পেতে যাচ্ছি। বিদেশে পাঠিয়ে তাকে আর হারাতে চাই না"।
নূর ইসলামের স্ত্রী আনোয়ারা পারভীন রানীরও একই মত। দেশে ফেরার পর তিনিও আর স্বামীকে বিদেশ যেতে দিতে চান না।
আফগান পুলিশ শুক্রবার গভীর রাতে নূর ইসলামকে উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে। বর্তমানে তিনি আফগান কর্তৃপক্ষের হেফাজতে আছেন। তার স্বাস্থ্য পরীক্ষা চলছে। শিগগিরই তাকে ব্র্যাক কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করার কথা।
জহুরা বেগম ও রানী বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে জানান, শনিবার ভোরে নূর ইসলামের সঙ্গে তাদের টেলিফোনে কথা হয়। সেসময় তাকে খুব অসুস্থ বলে মনে হচ্ছিল। কাতরস্বরে তিনি মা ও স্ত্রীকে বলেছেন, "আমি ভাল আছি। কোনো চিন্তা করো না। তাড়াতাড়ি বাড়ি ফিরব।"
আবেগ আপ্লুত জহুরা বেগম বলেন, "আমার সোনা আমার কাছে ফিরে আসছে, আমি আর কিছু চাই না। এখন আমি মরে গেলেও শান্তি পাব।"
নূর ইসলামের ভাই জাহিদুল ইসলাম জানান, খবর পেয়ে গ্রামের লোকজন শনিবার সকাল থেকেই তাদের বাড়িতে ভিড় করতে শুরু করে। তারা নূর ইসলামের মুক্তিতে পরিবারের সদস্যদের শুভেচ্ছা জানায় এবং স্বাস্থ্যের অবস্থা সম্পর্কে খোঁজ খবর নেয়।
গত ১৫ সেপ্টেম্বর আফগানিস্তানের লোগোর প্রদেশের ব্র্যাক কার্যালয় থেকে একদল অজ্ঞাত পরিচয় বন্দুকধারী নূর ইসলামকে অপহরণ করে। সে সময় তিনি ওই প্রদেশে ব্র্যাকের এরিয়া ম্যানেজারের দায়িত্বে ছিলেন।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/জেকে/এমএসবি/২১৩২ ঘ.
bdnews24