ঢাকা, ডিসেম্বর ০৮ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)--আফগানিস্তানে অপহৃত ব্র্যাক কর্মকর্তা নূর ইসলাম (৩৭) কে ৮২ দিন পর উদ্ধার করেছে আফগান সরকার। এখন তিনি আফগান কর্তৃপক্ষের হেফাজতে আছেন। তার স্বাস্থ্য পরীক্ষা চলছে। শুক্রবার গভীর রাতে আফগান পুলিশ নূর ইসলামকে উদ্ধার করে।
শনিবার সকালে ব্র্যাকের জনসংযোগ ও যোগাযোগ বিভাগের পরিচালক এম আনোয়ারুল হক বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে বলেন, ''কাবুল কার্যালয় থেকে নূর ইসলামকে উদ্ধারের বিষয়টি ঢাকা অফিসকে আনুষ্ঠানিকভাবে জানানো হয়েছে। তিনি এখন আফগান কর্তৃপক্ষের কাছে আছেন। তার স্বাস্থ্য পরীক্ষা চলছে। শিগগিরই তাঁকে ব্রাক কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হবে।''
তিনি আরও বলেন, বাংলাদেশি নূর ইসলামকে উদ্ধারে ব্রাকের প্রধান কর্ণধার ফজলে হোসেন আবেদ আফগান প্রেসিডেন্ট হামিদ কারজাইসহ কর্তপক্ষের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে চিঠি দেবেন।
২০০২ থেকে আফগানিস্তান পুনর্গঠনে ক্ষুদ্র ঋণ, শিক্ষা, স্বাস্থ্য ও নারীর ক্ষমতায়নের ক্ষেত্রগুলোতে তারা কাজ করছে। এছাড়া সড়ক, বিদ্যালয় ও হাসপাতাল নির্মাণের মতো উন্নয়ন কাজেও তাদের সম্পৃক্ততা রয়েছে। আফগানিস্তানে প্রায় চার হাজার ব্র্যাক কর্মীর মধ্যে ২১০ জন বাংলাদেশি।
১৫ সেপ্টেম্বর আফগানিস্তানের লোগোর প্রদেশের ব্র্যাক কার্যালয় থেকে নূর ইসলামকে একদল অজ্ঞাত পরিচয় বন্দুকধারী অপহরণ করে। অপহরণের সময় বন্দুকধারীরা ৩০ হাজার আফগান মুদ্রাও লুট করে নিয়ে যায়। নূর ইসলাম বাংলাদেশ রুরাল অ্যাডভান্সমেন্ট কমিটি (ব্র্যাক) এ কর্মরত। তিনি লোগার প্রদেশে এরিয়া ম্যানেজারের দায়িত্বে ছিলেন।
ব্রাক কর্মকর্তাকে উদ্ধারের জন্য পররাষ্ট্র উপদেষ্টা ইফতেখার আহমেদ চৌধুরী আফগানিস্তান, মার্কিন যুক্তরাষ্ট্র ও পাকিস্তান সরকারের কাছে অনুরোধ করেছিলেন।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এসএম/আরএ/জিএনএ/১২১০ ঘ.
bdnews24