২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কেরানীগঞ্জে ব্যবসায়ী খুন, হত্যাকারী সন্দেহে পিটুনিতে নিহত ২

দক্ষিণ কেরানীগঞ্জের পারগেন্ডারিয়ায় শুক্রবার এক ব্যবসায়ী গুলিতে নিহত হওয়ার পরপরই হত্যাকারী সন্দেহে জনতা দুইজনকে পিটিয়ে মেরেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Dec 2007, 05:48 PM

Updated : 26 Aug 2022, 09:03 PM

ঢাকা, ডিসেম্বর ০৭ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম) - দক্ষিণ কেরানীগঞ্জের পারগেন্ডারিয়ায় শুক্রবার এক ব্যবসায়ী গুলিতে নিহত হওয়ার পরপরই হত্যাকারী সন্দেহে জনতা দুইজনকে পিটিয়ে মেরেছে। নিহত ব্যবসায়ী মামুন হোসেন (৩২) পারগেন্ডারিয়ার জালালউদ্দিনের ছেলে। তার স্ত্রী এবং শান্ত (৮) ও শাওন (৫) নামে দুই সন্তান আছে। গণপিটুনিতে নিহত দুই যুবকের পরিচয় পাওয়া যায়নি। তবে কালো জিন্সপ্যান্ট পরিহিত একজনের বয়স আনুমানিক ২৫ বছর এবং কালো প্যান্ট ও জলপাই রংয়ের হাফহাতা গেঞ্জি পরিহিত অপরজনের বয়স ২৬ বছর। ঘটনাস্থল থেকে ঢাকা জেলার ভারপ্রাপ্ত পুলিশ সুপার নাজমুল হোসেন বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে বলেন, "মামুন স্থানীয় শামসুল হক হত্যা মামলার এজাহারভূক্ত আসামি। ২০০৪ সালের ৩০ জুন শামসুল হক খুন হওয়ার পর নিহতের বড় বোন রীনা কাশেম বাদি হয়ে ওই মামলা করেন। মামুন ওই মামলায় দুই বছর কারাগারেও ছিলেন। কিছুদিন আগে জামিনে মুক্তি পেয়েছেন। তবে প্রতি মাসে আদালতে হাজিরা দিতেন। স্থানীয় পারগেন্ডারিয়া বাজারে তার একটি মুদি দোকান আছে।" আখতারসহ এলাকাবাসীদের কয়েকজন বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে জানান, মামুন জুম্মার নামাজের পর একই গ্রামে তার শ্বশুর বাড়ি যান। বেলা আড়াইটার দিকে ওই বাড়ির সামনে হাঁটাহাঁটি করার সময় তিন অস্ত্রধারী তাকে লক্ষ করে কয়েক রাউন্ড গুলি করে। এতে তার মাথা ও বুকে একটি করে গুলি লাগে। মামুন শ্বশুরবাড়ির দিকে দৌড়ে যাওয়ার চেষ্টা করেন। কিন্তু তার আগেই আজমীরা জুয়েলার্সের সামনে তিনি মাটিতে লুটিয়ে পড়েন। এদিকে তিন সন্ত্রাসী বিক্ষুব্ধ জনতার ধাওয়া খেয়ে গেন্ডারিয়া আলুর হিমাঘারের ঘাট দিয়ে পালানোর চেষ্টা করে। তারা নৌকার মাঝি নূরুল হককে অস্ত্রের ভয় দেখিয়ে নদী পার করতে বলে। কিন্তু নদী পার হওয়ার আগেই এলাকাবাসী কয়েকটি নৌকা নিয়ে দুজনকে ধরে পিটুনি দিলে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়। আরেকজন পালিয়ে যায়। মামুনের শ্বশুর মোস্তাক আহম্মেদ জানান, ২০০২ সালে দক্ষিণ কেরানীগঞ্জে রানা, মার্বেল ও মামুন (২) নামে তিন যুবক খুন হয়। ওই সময় মামুন তাদের সঙ্গে থাকলেও অল্পের জন্য প্রাণে রক্ষা পায়। স্থানীয় শীর্ষ সন্ত্রাসী জাহাঙ্গীর বাহিনী ওই হত্যার জন্য দায়ী বলে তিনি অভিযোগ করেন। এলাকার ড্রেজার ব্যবসায়ী মো. রুবেল জানান, গণপিটুনিতে নিহত দুইজনের মধ্যে একজন কিছুদিন আগে জাহাঙ্গীর বাহিনীর পক্ষ হয়ে তার কাছে দুই লাখ টাকা চাঁদা দাবি করে। তবে তিনি তার নাম জানাতে পারেননি। রুবেল আরও জানান, জাহাঙ্গীর বাহিনীর সন্ত্রাসীরা ঢাকা মহানগর এলাকায় থাকে। প্রয়োজনের সময় এখানে এসে নানা অপরাধ করে আবার চলে যায়। এ কারণে পুলিশও সহজে তাদের ধরতে পারে না। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এএনএস/ডিডি/এমএইচবি/২৩৩৪ ঘ.