ঢাকা, ডিসেম্বর ০৭ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- আগামী বুধবারের মধ্যে ঢাকা ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ের গ্রেপ্তারকৃত শিক্ষক-ছাত্রদের মুক্তি দেওয়ার দাবি জানিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা। বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি শুক্রবার রাতে এক সাধারণ সভায় বলেছে, অন্যথায় তারা কঠোর কঠোর কর্মসূচি নিতে বাধ্য হবেন।
সভায় দুই দিনের কর্মসূচিও ঘোষণা করা হয়। কর্মসূচির মধ্যে আছে, আগামী রোববার শিক্ষকরা কালোব্যাজ ধারণ করবেন এবং সোমবার সকাল ১১টা থেকে এক ঘণ্টা অপরাজেয় বাংলার পাদদেশে মৌনভাবে অবস্থান নেবেন।
সমিতির ভারপ্রাপ্ত সভাপতি তাজমেরী এস এ ইসলাম সাংবাদিকদের বলেন, ''১২ ডিসেম্বরের মধ্যে ঢাকা ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বন্দী শিক্ষক ও ছাত্রদের মুক্তি না দিলে আমরা কঠোর কর্মসূচি দিতে বাধ্য হব।''
শিক্ষকদের এই কর্মসূচির সঙ্গে ছাত্রছাত্রীরা যুক্ত থাকবে কিনা জানতে চাইলে তিনি বলেন, ''এটা শিক্ষকদের কর্মসূচি। এর বাইরে আমি কোনো মন্তব্য করব না।''
বিশ্ববিদ্যালয় ক্লাবে শিক্ষক সমিতির কার্যালয়ে সমিতির ভারপ্রাপ্ত সভাপতি তাজমেরী এস এ ইসলামের সভাপতিত্বে সভায় অধ্যাপক আ আ ম স আরেফীন সিদ্দিক, অধ্যাপক আখতারুজ্জামান, অধ্যাপক মো. সামাদ, অধ্যাপক এম এম আকাশ ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ড. মামুন আহমেদসহ ১৫০জন শিক্ষক উপস্থিত ছিলেন। সন্ধ্যা ৭টা সভা শুরু হয়ে সাড়ে রাত নয়টায় শেষ হয়।
গ্রেপ্তারকৃত শিক্ষকদের বিরুদ্ধে দায়ের করা মামলার আইনি লড়াইয়ের জন্য বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের সহযোগিতাও চাওয়া হয় সভায়।
প্রসঙ্গত, গত ২০ আগস্ট থেকে তিনদিন ঢাকা বিশ্ববিদ্যালয়ে সহিংস ঘটনার পর শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক ও জীববিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক আনোয়ার হোসেন, সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক হারুন অর রশিদ, কলা অনুষদের ডিন ও শিক্ষক সমিতির সভাপতি সদরুল আমিন ও অধ্যাপক নিম চন্দ্র ভৌমিককে গ্রেপ্তার করা হয়। ১৫ জন ছাত্রকেও ওই ঘটনার কারণে গ্রেপ্তার করা হয়।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/জেএফ/এসএম/এমএইচবি/২২২০ ঘ.
bdnews24