চট্টগ্রাম, ডিসেম্বর ০৭(বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- নগরীর পাহাড়তলী থানার টাইগারপাস এলাকা থেকে শুক্রবার বিকালে এক ভুয়া র্যাব সদস্যকে গ্রেপ্তার করেছে র্যাব। ওই ভুয়া র্যাব সদস্য নিজেকে মেজর শামীম পরিচয় দিয়ে টাইগারপাস এলাকায় চাঁদাবাজি করতেন।
র্যাব-৭ এর মেজর শামসুদ্দিন বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে জানান, টাইগারপাস এলাকার হোটেল নিরিবিলি থেকে শুক্রবার বিকাল সাড়ে চারটায় চাঁদা আদায়ের সময় মেজর শামীম পরিচয় দেওয়া ওই ব্যক্তিকে হাতেনাতে তাকে আটক করা হয়।
তিনি জানান, আনুমানিক ৩৭ বছর বয়সী এই ব্যক্তি নগরীর টাইগারপাস এলাকায় নিজেকে র্যাবের মেজর পরিচয় দিয়ে নিয়মিত চাঁদাবাজি করতেন বলে ওই এলাকার লোকজন অভিযোগ করেছে।
মেজর শামসুদ্দিন জানান, তার প্রকৃত নাম মো. শাজাহান। তিনি নগরীর পাঁচলাইশ থানা এলাকার কুতুবের হাটে থাকেন। তার গ্রামের বাড়ি কুমিল্লার নাঙলকোট।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এমসি/আরএআর/এমএসবি/১৯৩০ ঘ.
bdnews24