ঢাকা, ডিসেম্বর ০৬ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম) - জমা পড়া ৭০ হাজার অভিযোগ যাচাই বাছাইয়ের কাজ শিগগিরই শুরু করবে দুর্নীতি দমন কমিশন। বৃহস্পতিবার কমিশনের বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
এদিন এক নিয়মিত ব্রিফিংয়ে কমিশনের মহাপরিচালক কর্নেল হানিফ ইকবাল সাংবাদিকদের এ তথ্য জানান।
তিনি বলেন, কমিশনে প্রায় ৭০ হাজার দুর্র্নীতির অভিযোগ জমা পড়েছে। এগুলো দ্রুত যাচাইবাছাই করা হবে। অভিযোগের গুরুত্ব বিবেচনায় নিয়ে পর্যায়ক্রমে অনুসন্ধান ও তদন্তের কাজ শুরু করা হবে। অভিযোগ যাচাই বাছাইয়ের জন্য বিভাগীয় ও জেলা কমিটি ছাড়াও দুর্নীতি দমন কমিশনের প্রধান কার্যালয়ে তিনটি কমিটি গঠন করা হবে।
তিনি বলেন, প্রতিটি কমিটির প্রধান হবেন উপ-পরিচালক বা সহকারী পরিচালক। কমিটি অভিযোগ যাচাইবাছাই করে কমিশনের সভায় উপস্থাপন করবে। প্রধান কার্যালয়ে প্রাপ্ত অভিযোগগুলোর যাচাইবাছাই এবং পরবর্তী সময়ে অভিযোগগুলো কমিশনের সভায় উপস্থাপনের পুরো বিষয় তদারকি করবেন একজন মহাপরিচালক।
কর্নেল হানিফ ইকবাল বলেন, বেনামি অভিযোগ, কমিশনের তফসিল বহির্ভূত অভিযোগ ও সম্পত্তি বন্টন বা পারিবারিক সমস্যাসংক্রান্ত অভিযোগ যাচাইবাছাই প্রক্রিয়ায় বিবেচনা করা হবে না।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এমআরএফ/এমএইচবি/০১১৬ ঘ.
bdnews24