ঢাকা, নভেম্বর ০৬ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- দিনাজপুর ও রাজবাড়ীতে পৃথক সড়ক দুর্ঘটনায় তিনজনের মৃত্যু হয়েছে। এর মধ্যে দিনাজপুরের ফুলবাড়ীতে একটি পিকআপ ভ্যান উল্টে দুজন মারা যান। রাজবাড়ীতে ট্রাকের চাকায় পিষ্ট হয়েছেন হেলপার। আমাদের প্রতিনিধিদের পাঠানো খবর:
দিনাজপুর: ফুলবাড়ী আঞ্চলিক মহাসড়কে পিকআপ ভ্যান উল্টে ঘটনাস্থলে মারা গেছেন জয়পুরহাটের পাঁচবিবির জামালের ছেলে শহিদুল (২৫) ও একই এলাকার জোতিষের ছেলে কালিপদ (৪৫)। তারা মাছ ব্যবসায়ী ছিলেন বলে পুলিশ জানিয়েছে।
ঘটনাস্থলে কর্তব্যরত কোতয়ালী থানার উপ-পরিদর্শক নজরুল ইসলাম জানান, বৃহস্পতিবার ভোর সাড়ে ৬ টায় জয়পুরহাট জেলার পাঁচবিবি থেকে মাছভর্তি একটি পিকআপ ভ্যান (বগুড়া-ড-১১-০৪৪৯) দিনাজপুর আসার পথে শহরের অদূরে ফুলবাড়ীর কাউগাঁ মোড় রাজাপুকুরে নিয়ন্ত্রন হারিয়ে একটি গাছের সঙ্গে ধাক্কা লেগে দুমড়ে মুচড়ে যায়।
এ দুর্ঘটনায় আহত গোলাম রব্বানী (৩৫) ও আনিসুর রহমানকে (৩২) দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
রাজবাড়ী: বুধবার গভীর রাতে দৌলতদিয়া-ফরিদপুর মহাসড়কের রাজবাড়ী সদর উপজেলার নিমতলা এলাকায় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলে ওই ট্রাকের হেলপার সিরাজুল ইসলামের মৃত্যু হয়েছে। তার বাড়ি যশোরের বেনাপোল।
পুলিশ জানায়, রাত ১২ টার দিকে মালবাহী ট্রাকটি (ঢাকা মেট্রো-ট-১২৫৭) মহাসড়কে বিকল হয়ে পড়ে। হেলপার ট্রাকের নিচে শুয়ে মেরামতের কাজ করছিলেন।
এ সময় পেছন দিক থেকে অপর একটি কাভার্ড ভ্যান (ঢাকা মেট্রো-ট-১১-৪৪৪০) ট্রাকটিকে সজরে ধাক্কা দিলে ট্রাকের চাকার তলায় পড়ে মারা যান তিনি।
পুলিশ ভ্যানটি আটক করেছে। এ ব্যাপারে রাজবাড়ী সদর থানায় একটি মামলা হয়েছে।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/১৭৩৮ ঘ.
bdnews24