রাজশাহী বিশ্ববিদ্যালয়, ডিসেম্বর ০৫ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাজাপ্রাপ্ত চার শিক্ষকের মুক্তির দাবিতে গণযোগাযোগ বিভাগের শিক্ষার্থীরা ক্যাম্পাসে গণস্বাক্ষর সংগ্রহ শুরু করেছে। চার সহকর্মীর মুক্তির বিষয়ে পদক্ষেপ নিতে বিশ্ববিদ্যালয় প্রশাসনের প্রতিও আহ্বান জানিয়েছেন শিক্ষকরা।
এদিকে খালাস পাওয়া শিক্ষক আব্দুস সোবহান বুধবার বিভাগে যোগ দিয়েছেন। অপর শিক্ষক ও সাবেক উপাচার্য সাইদুর রহমানও বৃহস্পতিবার তার বিভাগে যোগ দিচ্ছেন।
ছাত্র বিক্ষোভে উস্কানি দেয়ার মামলায় জরুরি বিধিমালা লঙ্ঘনের দায়ে মঙ্গলবার আদালত বিশ্ববিদ্যালয়ের চার শিক্ষককে দুই বছর করে কারাদণ্ড দেয়।
দণ্ডপ্রাপ্রাপ্তদের মধ্যে তিন জনই গণযোগাযোগ বিভাগের। এরা হলেন সেলিম রেজা নিউটন, দুলাল চন্দ্র বিশ্বাস ও আব্দুল্লাহ আল মামুন। দণ্ডপ্রাপ্ত অপর শিক্ষক মলয় কুমার ভৌমিক ব্যবস্থাপনা বিভাগের।
এ মামলায় ফলিত পদার্থ বিদ্যা ও ইলেকট্রনিক্স বিভাগের শিক্ষক সাবেক উপাচার্য সাইদুর রহমান ও একই বিভাগের অধ্যাপক আব্দুস সোবহানকে খালাস দেয়া হয়।
সাজাপ্রাপ্ত শিক্ষকদের মুক্তির দাবিতে বুধবার সকাল থেকেই গণযোগাযোগ বিভাগের শিক্ষার্থীরা ক্যাম্পাসে গণস্বাক্ষর অভিযান শুরু করে। বৃহস্পতিবার প্রধান উপদেষ্টার কাছে গণস্বাক্ষর সম্বলিত আবেদনপত্র পাঠানো হবে বলে শিক্ষার্থীরা জানায়।
গণযোগাযোগ বিভাগের এক শিক্ষার্থী নাম প্রকাশ না করার শর্তে বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে বলেন, আইন উপদেষ্টার মন্তব্যের ওপর ভিত্তি করেই এ আবেদন পাঠানো হচ্ছে।
মঙ্গলবার রায়ের পর আইন উপদেষ্টা ব্যারিস্টার মইনুল হোসেন সাংবাদিকদের বলেছিলেন, "এখনও তাদের (সাজা পাওয়া শিক্ষকদের) উচ্চ আদালতে আবেদন করার সুযোগ রয়েছে। এছাড়া তাদের ব্যাপারে সরকারের সদয় হওয়ারও সুযোগ রয়েছে।"
এদিকে সাজাপ্রাপ্ত শিক্ষকদের মুক্তির বিষয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসনকে পদক্ষেপ নেয়ার দাবি জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের লিয়াজোঁ কমিটি ও গণযোগাযোগ বিভাগের শিক্ষকরা।
মঙ্গলবার দুপুরে লিয়াজোঁ কমিটির সাত সদস্যের একটি প্রতিনিধি দল কমিটির আহ্বায়ক অধ্যাপক নজরুল ইসলামের নেতৃত্বে উপাচার্য অধ্যাপক এম আলতাফ হোসেনের সঙ্গে দেখা করেন। তারা মানবিক কারণ বিবেচনা করে সাজাপ্রাপ্ত শিক্ষকদের মুক্তির ব্যাপারে সরকারের উচ্চ পর্যায়ে প্রচেষ্টা চালানোর দাবি জানান।
একই দাবিতে গণযোগযোগ বিভাগের শিক্ষকরাও উপাচার্যের সঙ্গে দেখা করেন। উপাচার্য শিক্ষকদের মুক্তির ব্যাপারে পদক্ষেপ নেয়ার আশ্বাস দিয়েছেন বলে গণযোগাযোগ বিভাগের সভাপতি অধ্যাপক খাদেমুল ইসলাম সাংবাদিকদের জানান।
উপাচার্য অধ্যাপক আলতাফ হোসেন সাংবাদিকদের বলেন, শিক্ষকদের দাবির বিষয়টি বিবেচনা করে তাদের মুক্তির ব্যাপারে আমরা যথাযথ পদক্ষেপ নেব।
অন্যদিকে ফলিত পদার্থ বিজ্ঞান ও ইলেকট্রনিক্স বিভাগের অধ্যাপক আব্দুস সোবহান বুধবার তার বিভাগে যোগ দিয়েছেন।
অধ্যাপক সোবহান বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে জানান, সকাল সাড়ে ১১টার দিকে যোগদানের পর বিভাগের একাডেমিক কমিটির মিটিংয়ে তিনি উপস্থিত ছিলেন। তিনি নিয়মিত বিভাগে আসবেন বলেও জানান।
সাবেক উপাচার্য অধ্যাপক সাইদুর রহমান খানও বৃহস্পতিবার বিভাগে যোগ দেবেন বলে বিভাগের শিক্ষকরা জানিয়েছেন।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১৯০৭ ঘ.
bdnews24