ঢাকা, ডিসেম্বর ০৫ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- দেশে আগামী ২০১০ সালের মধ্যে প্রজনন, মাতৃমৃত্যু ও এক বছরের কম বয়সী শিশু মৃত্যুর হার ব্যাপকভাবে কমিয়ে আনার পরিকল্পনা করছে স্বাস্থ্য মন্ত্রণালয়। এজন্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে বিভিন্ন প্রস্তুতিও নেওয়া হয়েছে।
দেশে বর্তমান প্রজনন হার তিন, মাতৃমৃত্যুর হার তিন দশমিক দুই এবং এক বছরের কম বয়সী শিশু মৃত্যুর হার ৬৫। স্বাস্থ্য মন্ত্রণালয় ২০১০ সালের মধ্যে প্রজনন হার কমিয়ে দুই দশমিক দুই, মাতৃমৃত্যুর হার দুই দশমিক চার এবং এক বছরের কম বয়সী শিশু মৃত্যুর হার ৩৭ এ কমিয়ে আনার লক্ষ্যমাত্রা নির্ধারণ করছে।
স্বাস্থ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে বুধবার এক সংবাদ সম্মেলনে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ উপদেষ্টা ডা. এ এস এম মতিউর রহমান সাংবাদিকদের এ কথা জানান।
পরিবার পরিকল্পনার দীর্ঘমেয়াদী পদ্ধতির ওপর গুরুত্ব দিয়ে 'বিশেষ পরিবার পরিকল্পনা সেবা সপ্তাহ' শেষে এ সংবাদ সম্মেলন আয়োজন করা হয়।
উপদেষ্টা জানান, বিশেষ সপ্তাহে প্রায় ছয় লাখ মানুষ বিভিন্ন পর্যায়ের পরিবার পরিকল্পনা পদ্ধতি গ্রহণ করেছে। এর মধ্যে দীর্ঘমেয়াদী পদ্ধতি হিসেবে ইন্ট্রাইউটেরাইন ডিভাইস (আইইউডি) গ্রহণ করেছে ৫৭ হাজার ৩৬৭ জন এবং ইমপ্ল্যান্ট নিয়েছে ৪১ হাজার ২৩ জন।
পরিবার পরিকল্পনা পদ্ধতি গ্রহণের এ হার অব্যাহত থাকলে ২০১০ সালের মধ্যে সরকার লক্ষ্য অর্জন করতে সক্ষম হবে বলে তিনি আশা প্রকাশ করেন।
স্বাস্থ্য উপদেষ্টা জানান, বিশেষ সপ্তাহ ঘূর্ণিদুর্গত এলাকায় পালন করা হয়নি। তবে ওই এলাকায় বিভিন্ন চিকিৎসার জন্য হাসপাতালে যাওয়া রোগীদের প্রয়োজন অনুযায়ী জন্মনিয়ন্ত্রণ সামগ্রী দেওয়া হবে।
উপদেষ্টা মতিউর রহমান বলেন, অস্থায়ী পদ্ধতি অনেকাংশেই ঝুঁকিপূর্ণ। তাই সরকার প্রায় ৩২০ কোটি টাকার স্থায়ী পদ্ধতির উপকরণ সংগ্রহ করেছে। সরকার এখন স্থায়ী পদ্ধতির ওপরই বেশি গুরুত্ব দেবে।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এমকে/এসএনডি/এমআই/১৭০৪ ঘ.
bdnews24