ফেনী, ডিসেম্বর ০৫ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- ৬ ডিসেম্বর বৃহস্পতিবার ফেনী মুক্ত দিবস। একাত্তরের এই দিনে ফেনী পাকিস্তানি হানাদারমুক্ত হয়। এদিন 'জয় বাংলা' স্লোগান দিয়ে মুক্ত ফেনীতে প্রবেশ করে মুক্তিযোদ্ধারা। তাদের আক্রমণে টিকতে না পেরে পাকিস্তানি সেনারা চট্টগ্রামের দিকে পালিয়ে যায়।
ফেনী মুক্ত দিবস উপলক্ষে স্থানীয় মুক্তিযোদ্ধাদের একাংশ বৃহস্পতিবার সকালে শোভাযাত্রা ও মিজান রোডের শহীদ জহির রায়হান মিলনায়তনে হলে আলোচনা সভার আয়োজন করেছে।
১৯৭১ সালের এপ্রিল মাসে পাকিস্তানি বাহিনী পুরো ফেনী জেলায় তাদের দখলদারিত্ব কায়েম করে। এর পাশাপাশি মুক্তিযোদ্ধারাও বিভিন্ন স্থান থেকে আক্রমণ শানাতে থাকে। ৭ মাস ধরে চলে বিক্ষিপ্ত আক্রমণ। নভেম্বরে এসে মুক্তিযোদ্ধাদের অক্রমণের তীব্রতা বৃদ্ধি পায়। প্রবল আক্রমণের মুখে ৫ ডিসেম্বর ফেনী ছেড়ে চট্টগ্রামের দিকে পালিয়ে যায় পাকিস্তানি বাহিনী। ৬ ডিসেম্বর সকালে মুক্তিযোদ্ধাদের একটি দল ফেনী হাইওয়ে স্টেশন হয়ে মুক্ত ফেনীতে প্রবেশ করে।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১৫৫৩ ঘ.
bdnews24