ঢাকা, ডিসেম্বর ০৪ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- বাংলাদেশ ও অস্ট্রেলিয়ার পুলিশ বিভাগের যৌথ উদ্যোগে মঙ্গলবার থেকে ঢাকায় শুরু হয়েছে তিন দিনব্যাপী মানবপাচার বিষয়ক এক কর্মশালা। মানবপাচার রোধে প্রয়োজনীয় বিধিবিধান সম্পর্কে বাংলাদেশ পুলিশ বাহিনীকে ধারণা দেওয়া ও দু'দেশের অভিজ্ঞতা বিনিময়ই এ কর্মশালার উদ্দেশ্য।
স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় উপদেষ্টা আনোয়ারুল ইকবাল মঙ্গলবার সকালে রাজধানীর হোটেল র্যাডিসন গার্ডেনে কর্মশালার উদ্বোধন করেন।
উপদেষ্টা আনোয়ারুল ইকবাল কর্মশালায় বলেন, "আমরা দরিদ্র দেশ, আমাদের দেশের লোক বিদেশে যাবেই। প্রয়োজনীয় নিয়ম-কানুন মেনেই আমরা তাদের বাইরে পাঠাই। এরপরও এক শ্রেণীর দালালচক্র ও জনশক্তি রপ্তানিকারক প্রতিষ্ঠান অবৈধভাবে জনশক্তি রপ্তানি করছে। কিন্তু এটি রোধ করতে গিয়ে নিয়মিত মাইগ্রেশন যাতে বাধাগ্রস্ত না হয় সেদিকে খেয়াল রাখতে হবে।"
উপদেষ্টা আরও বলেন, "জনশক্তি রপ্তানি একটি বিরাট ব্যবসা। এ কারণে সারাবিশ্বেই এ ব্যবসার জন্য একটি সিন্ডিকেট গড়ে উঠেছে। আমাদের দেশের দালালদের সঙ্গে পৃথিবীর অন্যান্য দেশের দালালদেরও সম্পর্ক রয়েছে। এ কারণেই অবৈধভাবে নারী ও শিশু পাচার হচ্ছে।"
এবারের কর্মশালায় মাধ্যমে বেরিয়ে আসা বিভিন্ন বিভিন্ন মতামত ও সুপারিশ সরকার গুরুত্বের সঙ্গে বিবেচনা করে পরবর্তী পদক্ষেপ নেবে বলে জানান উপদেষ্টা।
অনুষ্ঠানে অস্ট্রেলিয়ার বিশেষ পুলিশের আইজি টিম মরিস বলেন, "বাংলাদেশ, শ্রীলংকা, থাইল্যান্ড, ইন্দোনেশিয়া, পাকিস্তান, আফগানিস্তান, তুরস্ক, তিমুর ও মালয়েশিয়াসহ মোট ১২টি দেশ থেকে সবচেয়ে বেশি নারী ও শিশু পাচার হয়ে থাকে। পাচার রোধে এসব দেশের সঙ্গে আলোচনা চালিয়ে যাওয়া হচ্ছে।" এ ব্যাপারে পরে আরও ২৫টি দেশের সঙ্গেও আলোচনার উদ্যোগ নেওয়া হবে বলে তিনি জানান।
স্বরাষ্ট্র সচিব আব্দুল করিম বলেন, "সরকার 'অবৈধ অভিবাসন রোধে অভিবাসন কর্মকর্তাদের দক্ষতা বৃদ্ধি' নামে একটি প্রকল্প বাস্তবায়ন করছে। এটি বাস্তবায়িত হলে মানব পাচার অনেকটাই কমবে বলে আশা করা হচ্ছে।"
উদ্বোধনী অনুষ্ঠানে মহাপুলিশ পরিদর্শক (আইজি) নূর মোহাম্মদ জানান ২০০৪ সাল থেকে দেশে নারী ও শিশু পাচার সংক্রান্ত মোট ৪৮৭টি মামলা দায়ের করা হয়েছে। এর মধ্যে ২৯৮টি মামলার নিস্পত্তি হয়েছে। এতে শাস্তি পেয়েছে মোট ১৮৩ জন।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এএনএস/এসএনডি/এসকে/২১৫৫ঘ.
bdnews24