২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

হাসিনার বিরুদ্ধে তাজুলের মামলার অভিযোগপত্র দাখিল হয়নি

আওয়ামী লীগ নেত্রী শেখ হাসিনার বিরুদ্ধে ওয়েস্টমন্ট পাওয়ার প্ল্যান্টের মালিক তাজুল ইসলাম ফারুকের দায়ের করা চাঁদাবাজি মামলায় অভিযোগপত্র মঙ্গলবারও দাখিল হয়নি। এ নিয়ে ১২টি ধার্য তারিখেও অভিযোগপত্র দিতে পারলো না পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Dec 2007, 01:09 PM

Updated : 26 Aug 2022, 09:03 PM

ঢাকা, ডিসেম্বর ০৪ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- আওয়ামী লীগ নেত্রী শেখ হাসিনার বিরুদ্ধে ওয়েস্টমন্ট পাওয়ার প্ল্যান্টের মালিক তাজুল ইসলাম ফারুকের দায়ের করা চাঁদাবাজি মামলায় অভিযোগপত্র মঙ্গলবারও দাখিল হয়নি। এ নিয়ে ১২টি ধার্য তারিখেও অভিযোগপত্র দিতে পারলো না পুলিশ। মঙ্গলবার ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতের বিচারক শাহীন উদ্দিন আহম্মেদ আগামী ৩০ ডিসেম্বর এ মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের নতুন দিন ধার্য করেছেন। এদিকে শেখ হাসিনার বিরুদ্ধে ভাসমান বিদ্যুৎ কেন্দ্র স্থাপনে দুর্নীতির অভিযোগে দায়ের করা মামলার তদন্ত প্রতিবেদনও মঙ্গলবার দাখিল করেননি এ মামলার তদন্ত কর্মকর্তা। এ মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য আগামী ৬ জানুয়ারি নতুন দিন ধার্য করেন ঢাকার তিন নম্বর অতিরিক্ত মুখ্য মহানগর হাকিম মো. গোলাম রাব্বানী। তাজুল ইসলাম ফারুকের মামলার তদন্ত কর্মকর্তা হলেন তেজগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জানে আলম। তিন কোটি টাকা চাঁদাবাজির অভিযোগে গত ৯ এপ্রিল তেজগাঁও থানায় মামলাটি দায়ের করা হয়। এদিকে হরিপুর, শিকলবাহা ও খুলনায় তিনটি ভাসমান বিদ্যুৎ কেন্দ্র স্থাপনের কাজ পাইয়ে দেয়ার বিনিময়ে বঙ্গবন্ধু মেমোরিয়াল ট্রাস্টের নামে ঘুষ নেয়ার অভিযোগে ২ সেপ্টেম্বর তেজগাঁও থানায় দুর্নীতির মামলাটি দায়ের করা হয় । দুর্নীতি দমন কমিশনের উপ-পরিচালক শাব্বির হাসান বাদি হয়ে মামলাটি দায়ের করেন। এ মামলায় শেখ হাসিনাকে গত ১৯ সেপ্টেম্বর গ্রেপ্তার দেখানো হয়। ৩১ অক্টোবর মামলার দুই সাক্ষী নাতাশা আহমেদ ও নাসরিন আহমেদের ১৬৪ ধারায় জবানবন্দি নেয় আদালত। মামলাটি তদন্ত করছেন দুদকের উপ-পরিচালক মোহাম্মদ মোরশেদ আলম। এ মামলায় শেখ হাসিনা ছাড়া অপর আসামিরা হচ্ছেন সাবেক বিদ্যুৎ সচিব ড. তৌফিক ই ইলাহী চৌধুরী, বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের প্রাক্তন চেয়ারম্যান নূরুদ্দীন মাহমুদ কামাল, সামিট গ্র"পের কর্মকর্তা মো. আজিজ খান, ফরিদ খান, হাসান মাহমুদ রাজা ও আবুল কালাম আজাদ। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/পিবি/এমআই/এসকে/১৯০৪ঘ.