চাঁদপুর, ডিসেম্বর ০৪ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- মেঘনায় অভিযান চালিয়ে ১ কেটি ২২ লাখ ৫০ হাজার টাকার কারেন্ট জাল আটক করেছে উপকূলরক্ষী বাহিনী (কোস্টগার্ড)।
মঙ্গলবার সকালে চাঁদপুর শহরের ১০ নম্বর ঘাট এলাকায় জেলা প্রশাসক এসএম মনিরুল ইসলাম ও মৎস্য কর্মকর্তা মাহবুবুর রহমানের উপস্থিতিতে ওই জাল পোড়ানো হয়।
উপকূল রক্ষী বাহিনীর চাঁদপুর স্টেশনের কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার মো. মাহবুবুর রহমান জানান, গত তিন ধরে মেঘনায় অভিযান চালিয়ে এসব জাল আটক করা হয়।
তিনি জানান, কোস্টগার্ডের দুটি দল হরিনা ঘাট, আলুর বাজার, কাটাখালী, নীলকমল, চরভৈরবী, হাইমচর, আমবাজার, আমিরাবাদ, কাছদী, মোহনপুর ও ষাটনল এলাকায় ২০০টি মাছ ধরা ট্রলারে তল্লাশি চালিয়ে ২ লাখ ৪৫ হাজার মিটার কারেন্ট জাল আটক করে।
আটক জালের মূল্যমান ১ কেটি ২২ লাখ ৫০ হাজার টাকা বলে কোস্টগার্ড কর্মকর্তা জানান।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১৩৪১ ঘ.
bdnews24