ঢাকা, ডিসেম্বর ০৩ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- বিচারবিভাগীয় কর্মকর্তাদের সরকারের বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগে প্রেষণে নিয়োগ কেন সংবিধান ও মাসদার হোসেন মামলার রায়ের পরিপন্থী নয় তা জানতে চেয়ে সরকারের প্রতি রুল জারি করেছে হাইকোর্ট।
এ ছাড়া তাদের নিয়োগ, প্রেষণ ও বদলি 'উপযুক্ত কর্তৃপক্ষের' নামে আইন মন্ত্রণালয়সহ বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের নিয়ন্ত্রণে রাখাকে কেন অবৈধ ঘোষণা করা হবে না তাও জানতে চেয়েছে আদালত।
দৈনিক সমকালের প্রধান প্রতিবেদক কাজী আবদুল হান্নানের দায়ের করা একটি জনস্বার্থ রিট আবেদনের পরিপ্রেক্ষিতে বিচারপতি শাহ আবু নাঈম মোমিনুর রহমান ও বিচারপতি জুবায়ের রহমান চৌধুরীর বেঞ্চ সোমবার এ রুল জারি করে।
সরকারের আইন সচিব ও সংস্থাপন সচিবকে আগামী চার সপ্তাহের মধ্যে রুলের জবাব দিতে বলা হয়েছে।
সচিবসহ আইন মন্ত্রণালয়ে শতকরা ৭৫ ভাগ প্রথম শ্রেণীর কর্মকর্তা বিচারবিভাগীয় কর্মকর্তাদের মধ্য থেকে নিয়োগের জন্য ২০০১ সালের ২৭ ফেব্র"য়ারি জারি করা নীতিমালা কেন অসাংবিধানিক ঘোষণা করা হবে না সেটিও সরকারকে জানাতে বলেছে আদালত।
রিট আবেদনের শুনানিতে অংশ নিয়ে ব্যারিস্টার আমীর উল ইসলাম আদালতকে বলেন, "বিচার বিভাগ পৃথককরণ সংক্রান্ত মাসদার হোসেন মামলার রায়ে জুডিশিয়াল সার্ভিসকে স্বতন্ত্র সার্ভিস ঘোষণা দিয়ে বলা হয় প্রশাসন সার্ভিসের সঙ্গে একে মেলানো যাবে না। কিন্তু ওই রায় লঙ্ঘন করে গত ১৬ জানুয়ারি সরকার জুডিশিয়াল সার্ভিস সংক্রান্ত বিধিমালা জারি করে।"
তিনি আরও বলেন, "নতুন বিধিমালায় বিচারবিভাগীয় কর্মকর্তাদের নিয়োগ, প্রেষণ ও বদলির ক্ষমতা 'উপযুক্ত কর্তৃপক্ষ' বা আইন মন্ত্রণালয়ের হাতে রাখা হয়েছে। বিধিতে বিচারবিভাগীয় কর্মকর্তাদের আইন মন্ত্রণালয়ের সংরক্ষিত পদে নিয়োগেরও বিধান রাখা হয়েছে। এছাড়া অন্য কোনো মন্ত্রণালয়, জাতীয় সংসদ সচিবালয় বা নির্বাচন কমিশন বা সরকারের অন্য কোনো বিভাগে প্রেষণে বা অন্যভাবে নিয়োগ বা বদলির ক্ষমতাও 'উপযুক্ত কর্তৃপক্ষের' কাছে রাখা হয়েছে।"
ব্যারিস্টার আমীর বলেন, "বিচারবিভাগীয় কর্মকর্তাদের নির্বাহী পদে প্রেষণে নিয়োগ বা উপযুক্ত র্র্কতৃপক্ষের মাধ্যমে নিয়োগ সংবিধান ও মাসদার হোসেন মামলার রায়ের পরিপন্থী। এছাড়া, আইন মন্ত্রণালয়ে সচিবসহ শতকরা ৭৫ ভাগ প্রথম শ্রেণীর কর্মকর্তা বিচারবিভাগীয় কর্মকর্তাদের মধ্য থেকে নিয়োগের জন্য ২০০১ সালের ২৭ ফেব্র"য়ারি জারি করা নীতিমালাও বিচার বিভাগ পৃথককরণের সাংবিধানিক ধারণার পরিপন্থী।"
গত ৩১ অক্টোবর পর্যন্ত সরকারের বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগে ১০৮ জন বিচারবিভাগীয় কর্মকর্তা প্রেষণে নিয়োজিত আছেন বলে তিনি আদালতকে জানান।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এটি/এসএনডি/এমএইচবি/২১২০ ঘ.
bdnews24