২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

স্বাধীনভাবেই কাজ করছি, না পারলে থাকবো না: হাসান মশহুদ

দুর্নীতি দমন কমিশন স্বাধীনভাবেই কাজ করছে বলে আবারো দাবি করেছেন সংস্থাটির চেয়ারম্যান হাসান মশহুদ চৌধুরী। একই সঙ্গে তিনি জানিয়েছেন, স্বাধীনভাবে কাজ করতে না পারলে তিনি দায়িত্বে থাকবেন না। সোমবার রাজধানীর সেগুনবাগিচার দপ্তরে নিয়মিত সংবাদ সম্মেলনে দুদক চেয়ারম্যান বলেন, "সরকারের সঙ্গে আমাদের সম্পর্ক রয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Dec 2007, 02:19 PM

Updated : 26 Aug 2022, 09:02 PM

ঢাকা, ডিসেম্বর ০৩ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- দুর্নীতি দমন কমিশন স্বাধীনভাবেই কাজ করছে বলে আবারো দাবি করেছেন সংস্থাটির চেয়ারম্যান হাসান মশহুদ চৌধুরী। একই সঙ্গে তিনি জানিয়েছেন, স্বাধীনভাবে কাজ করতে না পারলে তিনি দায়িত্বে থাকবেন না। সোমবার রাজধানীর সেগুনবাগিচার দপ্তরে নিয়মিত সংবাদ সম্মেলনে দুদক চেয়ারম্যান বলেন, "সরকারের সঙ্গে আমাদের সম্পর্ক রয়েছে। কিন্তু আমরা স্বাধীন, এটা আইনেই উল্লেখ রয়েছে।" সরকারের প্রভাবমুক্ত হয়ে কাজ করতে পারছেন কিনা- সাংবাদিকদের এ প্রশ্নে হাসান মশহুদ বলেন, "যদি স্বাধীনভাবে কাজ করতে না পারি, তাহলে আমি এখানে থাকবো না। আগেও এর প্রমাণ দিয়েছি।" দুর্নীতি দমন কমিশনের মামলাগুলো তাড়াতাড়ি শেষ করার জন্যও কোনো ধরনের চাপ নেই বলে জানান দুদক চেয়ারম্যান। তিনি বলেন, "মামলার ব্যাপারে সময়ের দিক থেকে আমরা কোনো চাপের মধ্যে নেই। তবে কোনো এক সময় হয়তো আমরা দুদকের মামলাগুলো বিশেষ গুরুত্ব দেয়ার জন্য আদালতকে বলতে পারি।" দুদকের মামলাগুলো উচ্চ আদালতে স্থগিত হয়ে যাবার প্রসঙ্গে হাসান মশহুদ বলেন, "কোনো মামলা দায়ের করার আগে বিভিন্ন রকম কার্যক্রম চালানো হয়। এছাড়া একটি মামলার সঙ্গে বিভিন্ন রকমের বিষয় জড়িত থাকে। একভাবে না আটকাতে পারলেও অন্যভাবে আটকানোর সুযোগ থাকতে পারে।" দুদক চেয়ারম্যান জানান, দুর্নীতি রোধে গঠিত জেলা কমিটিগুলোর কার্যক্রমের বিষয়টি আগামী জানুয়ারিতে চূড়ান্ত করা হবে। আগামী ৯ ডিসেম্বর আন্তর্জাতিক দুর্নীতি দমন দিবসে কমিশন জনসচেতনতামূলক বিভিন্ন কার্যক্রম চালাবে বলে হাসান মশহুদ জানান। একই সঙ্গে দুর্নীতিবিরোধী গবেষণা সংস্থা টিআইবি আয়োজিত বিভিন্ন অনুষ্ঠানেও কমিশন অংশ নেবে বলে জানান তিনি। টিআইবি 'ধারণাপ্রসূতভাবে' কাজ করে, অন্যদিকে দুদকের কাজ তদন্ত নির্ভর ; এমন পরিস্থিতিতে দুটি প্রতিষ্ঠানের যৌথভাবে কাজ করা যুক্তিসঙ্গত কিনা প্রশ্ন করা হলে হাসান মশহুদ বলেন, "এটা হতেই পারে। পরে কোন সমস্যা দেখা দিলে তখন ভেবে দেখা যাবে।" বাদিপক্ষ হওয়া সত্ত্বেও প্রধান বিচারপতির সঙ্গে সাক্ষাতের বিষয়ে দুদক চেয়ারম্যান বলেন, "এটা ছিলো নিতান্তই সৌজন্য সাক্ষাত। এ ব্যাপারে প্রশ্ন তোলা ঠিক হবে না।" গ্যাটকো ও নাইকো মামলার সর্বশেষ অবস্থা জানতে চাইলে তিনি মন্তব্য করতে রাজি হননি। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এএনএস/এমআই/এসকে/২০১২ঘ.