২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সময় মতো নির্বাচন করাই এখন প্রধান কাজ: সিইসি

ভোটার তালিকার কাজে সবাইকে সহযোগিতা করার আহ্বান জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার ড. এ টি এম শামসুল হুদা। একই সঙ্গে তিনি বলেছেন, সময় মতো নির্বাচন করাই এখন কমিশনের প্রধান কাজ। সোমবার বান্দরবান উপজাতীয় সাংস্কৃতিক ইনস্টিটিউট মিলনায়তনে এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন এ টি এম শামসুল হুদা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Dec 2007, 11:04 AM

Updated : 26 Aug 2022, 09:02 PM

বান্দরবান, ডিসেম্বর ০৩ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- ভোটার তালিকার কাজে সবাইকে সহযোগিতা করার আহ্বান জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার ড. এ টি এম শামসুল হুদা। একই সঙ্গে তিনি বলেছেন, সময় মতো নির্বাচন করাই এখন কমিশনের প্রধান কাজ। সোমবার বান্দরবান উপজাতীয় সাংস্কৃতিক ইনস্টিটিউট মিলনায়তনে এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন এ টি এম শামসুল হুদা। তিনি বলেন, "বর্তমান নির্বাচন কমিশন একটি সুষ্ঠু ও গ্রহণযোগ্য ভোটার তালিকা তৈরি এবং নিরপেক্ষ ও বস্তুনিষ্ঠ নির্বাচন করার লক্ষ্যে কাজ করছে। এ জন্য সবার সহযোগিতা প্রয়োজন।" সিইসি বলেন, "সময়মতো নির্বাচন করাই এখন কমিশনের প্রধান কাজ। এজন্য নির্বাচনের রোডম্যাপ নিয়ে কমিশন সবার সঙ্গে আলোচনার ভিত্তিতে কাজ করছে।" শামসুল হুদা জানান, নির্বাচনকে কালো টাকা ও পেশীশক্তির প্রভাবমুক্ত করার জন্য কমিশন সম্ভাব্য সবকিছু করছে। নির্বাচনে যাতে প্রকৃত রাজনীতিবিদরাই অংশ নিতে পারেন সে জন্যই সংস্কারের কথা বলা হচ্ছে বলে উল্লেখ করে সিইসি। তিনি বলেন, "আমরা অতীতে অপশাসনে আষ্টেপৃষ্ঠে বাঁধা ছিলাম। আর অপশাসনের ওই চক্র থেকে জনগণকে মুক্তি দিতেই বর্তমান নির্বাচন কমিশন কাজ করছে। আগে মানুষ নির্ভয়ে ভোট দিতে পারতো না। সবাই যাতে নির্ভয়ে ভোট কেন্দ্রে গিয়ে নিজের ভোট দিতে পারে সে জন্য সব ব্যবস্থা করছে বর্তমান কমিশন।" সিইসি বলেন, "একটি সুষ্ঠু ভোটার তালিকার অভাবেই ওয়ান-ইলেভেন পরিস্থিতি সৃষ্টি হয়েছিল। তৎকালীন বিরোধী দলের দাবি ছিল, একটি সুষ্ঠু ও গ্রহণযোগ্য ভোটার তালিকা প্রণয়ন করে নির্বাচন আয়োজন করা। জোট সরকারের ভুলে ভরা ভোটার তালিকা দিয়ে নিরপেক্ষ ও সুষ্ঠু নির্বাচন সম্ভব নয় বলে বিরোধীরা জানায়। এরপরই শুরু হয় রাজপথে আন্দোলন। এতে বেশ কিছু প্রাণহানিও হয়।" ছবিসহ ভোটার তালিকা ও জাতীয় পরিচয়পত্র প্রণয়ন নিয়ে আয়োজিত ওই মতবিনিময় সভায় বিশেষ অতিথি ছিলেন নির্বাচন কমিশনার এম. সাখাওয়াত হোসেন। জেলা প্রশাসক আবদুল মজিদ শাহ আকন্দের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন জেলা পরিষদ চেয়ারম্যান অধ্যাপক থানজামা লুসাইসহ প্রশাসনের কর্মকর্তারা। এর আগে সকালে প্রধান নির্বাচন কমিশনার বান্দরবান শহরের বালাঘাটার বৌদ্ধ অনাথ আশ্রম এবং উপজাতীয় ইনস্টিটিউট জাদুঘর পরিদর্শন করেন। গত ২২ অক্টোবর বান্দরবান সদর উপজেলা ও বান্দরবান পৌরসভায় ভোটার তালিকার তথ্য সংগ্রহের কাজ শুরু হয়। এখন ছবি তোলার কাজ চলছে। ভোটার তালিকা প্রণয়ন নিয়ে মঙ্গলবার রাঙামাটিতে একই ধরনের মতবিনিময় সভায় সিইসির অংশ নেয়ার কথা রয়েছে। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১৫৫৮ ঘ.