২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গতবারের চেয়ে বেশি রিটার্ন জমা পড়েছে: আবদুল মজিদ

ব্যক্তিশ্রেণীর করদাতাদের রিটার্ন দাখিলের শেষ দিনে রোববার বিপুল সংখ্যক করদাতা তাদের রিটার্ন জমা দিয়েছেন। সর্বশেষ তথ্য পাওয়া না গেলেও জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান মোহাম্মদ আবদুল মজিদ দাবি করেছেন, এবার রিটার্ন দাখিলের পরিমাণ গতবারকে ছাড়িয়ে গেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Dec 2007, 05:36 PM

Updated : 26 Aug 2022, 09:01 PM

ঢাকা, ডিসেম্বর ০২ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- ব্যক্তিশ্রেণীর করদাতাদের রিটার্ন দাখিলের শেষ দিনে রোববার বিপুল সংখ্যক করদাতা তাদের রিটার্ন জমা দিয়েছেন। সর্বশেষ তথ্য পাওয়া না গেলেও জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান মোহাম্মদ আবদুল মজিদ দাবি করেছেন, এবার রিটার্ন দাখিলের পরিমাণ গতবারকে ছাড়িয়ে গেছে। রোববার সন্ধ্যায় টেলিফোনে বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, "পর পর দুই দফা বন্যা ও ভয়াবহ ঘুর্ণিঝড়ের পরও শেষ সময়ে বিপুল সংখ্যক করদাতা রিটার্ন জমা দিয়েছেন। সন্ধ্যা পর্যন্ত সবমিলিয়ে প্রায় পাঁচ লাখের মতো রিটার্ন জমা পড়েছে। আগের ঘোষণা অনুযায়ী রোববার রাত ৮টা পর্যন্ত রিটার্ন জমা নিয়েছেন কর কর্মকর্তারা। ফলে এই সংখ্যা আরো বাড়বে।" গতবার জমা পড়া আয়কর রিটার্নের সংখ্যা ছিল পাঁচ লাখের কিছু বেশি। আবদুল মজিদ বলেন, "প্রথম দিকে করদাতারা তেমন সাড়া না দিলেও শেষ সময়ে এসে অনেকেই কর অঞ্চলগুলোতে ভিড় করেছিলেন।" এনবিআর চেয়ারম্যান জানান, ইতোমধ্যে রিটার্ন থেকে গতবারের চেয়ে অনেক বেশি কর সরকারের কোষাগারে জমা পড়েছে। গতবছর সবমিলিয়ে ২৫০ কোটি টাকার মতো কর জমা পড়েছিল। আর এবছর গত বৃহষ্পতিবারই জমার পরিমাণ ৫০০ কোটি টাকা ছাড়িয়ে গেছে। পুরো হিসাব পাওয়া গেলে এর পরিমাণ আরও বাড়বে।" সোমবার বিকেল ৪টায় এনবিআর কার্যালয়ে সংবাদ সম্মেলন করে জমার সর্বশেষ পরিমাণ প্রকাশ করা হবে বলে জানান তিনি। রোববার দুপুরে সেগুনবাগিচায় কর অঞ্চল-২ এ গিয়ে দেখা যায়, প্রায় দশজন কর্মকর্তা রিটার্ন জমা নিচ্ছেন। প্রত্যেকের সামনেই ছিল করদাতাদের দীর্ঘ লাইল। ওই সময় এনবিআরের আয়কর অণু বিভাগের সদস্য আলী আহমদ সাংবাদিকদের বলেন, শেষ মুহূর্তে করদাতাদের ব্যাপক সাড়া পাওয়া যাচ্ছে। এনবিআর চেয়ারম্যানও কয়েকটি কর অঞ্চলে গিয়ে সর্বশেষ পরিস্থিতি সম্পর্কে খোঁজ খবর নেন। বন্যার কারণে ও বিভিন্ন ব্যবসায়ী সংগঠনের দাবির পরিপ্রেক্ষিতে এবার আয়কর রিটার্র্ন দাখিলের মেয়াদ তিন দফা বাড়ানো হয়। প্রথম দফায় ২০০৭-০৮ করবর্ষের জন্য ব্যক্তিশ্রেণীর করদাতাদের রিটার্ন জমা দেওয়ার শেষ সময় ছিল ৩০ সেপ্টেম্বর। এরপর এ সময়সীমা এক মাস বাড়িয়ে ৩১ অক্টোবর পর্যন্ত করা হয়। কিন্তু এরপরও কাঙ্খিত সংখ্যক রিটার্ন জমা না পড়ায় মেয়াদ ৩০ নভেম্বর পর্যন্ত বাড়ানো হয়। কিন্তু ৩০ নভেম্বর শুক্রবার হওয়ায় ২ ডিসেম্বর (রোববার) রাত ৮টা পর্যন্ত রিটার্ন জমা নেওয়ার সিদ্ধান্ত হয়। এনবিআরের তথ্য অনুযায়ী, গত বছর পাঁচ লাখ ২৫ হাজার ৯৯৪ জনের রিটার্ন থেকে কর এসেছিল ২৫২ কোটি ১৪ লাখ টাকা। এদিকে চলতি অর্থবছরের বাজেটে নির্ধারিত সময়ে রিটার্র্ন জমা না দিলে জরিমানাসহ শাস্তির বিধান কিছুটা শিথিল করা হয়েছে। আগে নির্ধারিত সময়ের মধ্যে রিটার্ন জমা না দিলে জরিমানা হিসেবে আড়াই হাজার টাকা এবং নির্ধারিত সময়ের পর প্রতিদিনের জন্য ২৫০ টাকা করে দিতে হতো। এবার জরিমানা এক হাজার টাকা এবং প্রতিদিনের জন্য ৫০ টাকা দেওয়ার বিধান করা হয়েছে। এনবিআরের তথ্য অনুযায়ী, দেশে এখন টিআইএনধারী (কর শনাক্তকরণ নম্বর) করদাতার সংখ্যা প্রায় ২২ লাখ। বর্তমান আইন অনুযায়ী, যাদের বার্ষিক আয় দেড় লাখ টাকার ওপরে তারাই আয়করের আওতায় পড়বেন। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এআরএইচ/জেকে/২৩২৮ ঘ.