২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

'এশিয়া এনার্জির আবেদন বিবেচনার সুযোগ নেই'

ফুলবাড়ি কয়লা খনির মাইনিং লিজের আবেদন করার অধিকার এশিয়া এনার্জির ছিল না। তাই এর দাখিলকৃত প্রস্তাবটি গ্রহণযোগ্য নয়। আইনগত, পরিবেশ ও কারিগরি দিক থেকে এ আবেদন বিবেচনা করার অবকাশ নেই।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Dec 2007, 05:05 PM

Updated : 26 Aug 2022, 09:01 PM

ঢাকা, ডিসেম্বর ০২ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- ফুলবাড়ি কয়লা খনির মাইনিং লিজের আবেদন করার অধিকার এশিয়া এনার্জির ছিল না। তাই এর দাখিলকৃত প্রস্তাবটি গ্রহণযোগ্য নয়। আইনগত, পরিবেশ ও কারিগরি দিক থেকে এ আবেদন বিবেচনা করার অবকাশ নেই। ফুলবাড়ি কয়লা খনিতে এশিয়া এনার্জির প্রকল্প প্রস্তাব নিয়ে সরকারের মূল্যায়ন কমিটির এই সুপারিশমালা রোববার পেট্রোবাংলায় কয়লানীতি প্রণয়ন সংক্রান্ত উচ্চ পর্যায়ের কমিটির বৈঠকে তুলে ধরা হয়। মূল্যায়ন কমিটির প্রধান অধ্যাপক ড. নুরুল ইসলাম সুপারিশমালা পড়ে শোনান। সুপারিশে বলা হয়েছে, উন্মুক্ত পদ্ধতিতে কয়লা উত্তোলন করা হলে খনি এলাকার ৬০ বর্গ কিলোমিটার এলাকায় ৪০ থেকে ৫০ হাজার সরাসরি ক্ষতিগ্রস্ত হবে। এই পদ্ধতিতে কয়লা খনি করে পানি উত্তোলন করলে ৩১৪ বর্গ কিলোমিটার এলাকার বিভিন্ন গভীরতায় পানির স্তর নিচে নেমে যেতে পারে। এতে পরোক্ষভাবে ক্ষতিগ্রস্ত হবে ২ লাখ ২০ হাজার মানুষ। অধ্যাপক নুরুল ইসলাম বৈঠকে বলেন, উন্মুক্ত পদ্ধতিতে কয়লা খনির জন্য ২০ বর্গ কিলোমিটার এলাকাতে মাটির স্তুুপ করতে হবে। এর উচ্চতা হবে প্রায় ৩৮৪ ফুট। ২০০ ফুটের মাথায় খনির ক্ষতিকারক পদার্থ রেখে কাদা দিয়ে ঢেকে দেওয়া হবে। এ জন্য কিল্লা তৈরি করতে হবে। গোটা এলাকা হবে প্রায় দিনাজপুর শহরের সমান। খনির বিষাক্ত পদার্থের জন্য ২৬ বর্গ কিলোমিটার এলাকার জমির কৃষি উৎপাদন চিরতরে নষ্ট হবে -- সুপারিশে এমনটাই বলা হয়েছে বলে তিনি জানান। বিভিন্ন দেশের উন্মুক্ত পদ্ধতির কয়লা খনির কথা উল্লেখ করে সুপারিশে বলা হয়েছে, বাংলাদেশের মতো ঘনবসতিপূর্ন দেশে উন্মুক্ত পদ্ধতিতে খনন করার নজির পৃথিবীর কোথাও নেই। এশিয়া এনার্জির দাখিলকৃত প্রস্তাবটি গ্রহণযোগ্য নয়। আরো পর্যালোচনা না করে উন্মুক্ত পদ্ধতিতে খনন করার সিদ্ধান্ত গ্রহণ করা বাস্তব সম্মত নয়। কয়লানীতি প্রণয়ন কমিটির এর আগের সভায় এশিয়া এনার্জি তাদের প্রকল্প প্রস্তাব তুলে ধরেছিল। এরই পরিপ্রেক্ষিতে রোববার প্রকল্প মূল্যায়ন কমিটির সুপারিশ তুলে ধরা হয়। ২০০৫ সালে এ মূল্যায়ন কমিটি গঠন করা হয়। কমিটি ২০০৬ সালের সেপ্টেম্বর মাসে সরকারের কাছে সুপারিশ জমা দেয়। রোববার কমিটির বৈঠকে কয়লা খনির রয়ালিটি নিয়ে আলোচনা করা হয়। তবে কোন সিদ্ধান্ত হয়নি। এ নিয়ে আরও আলোচনার প্রস্তাব করা হয়। বৈঠকে সভাপতিত্ব করেন কয়লানীতি প্রণয়ন কমিটির চেয়ারম্যান অধ্যাপক ড. আবদুল মতিন পাটোয়ারী। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এমআরএফ/এমএইচবি/২২৪৮ ঘ.