ঢাকা, ডিসেম্বর ০২ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)-- আদালতে আত্মসমর্পণ করার পর দুর্নীতির মামলায় সাবেক অর্থমন্ত্রী সাইফুর রহমানের ছেলে নাসের রহমানের স্ত্রী রেজিনা নাসেরকে কারাগারে পাঠানো হয়েছে।
রোববার দুপুরে ঢাকার মহানগর সিনিয়র বিশেষ জজ আদালতের বিচারক মো. আজিজুল হক তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।
দুর্নীতি দমন কমিশনে (দুদক) দাখিল করা সম্পদের হিসাব বিবরণীতে সম্পদ অর্জনের তথ্য গোপন ও জ্ঞাত আয়-বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে দায়ের করা মামলায় সকালে রেজিনা আদালতে আত্মসমর্পণ করে জামিন চান।
বিচারক মো. আজিজুল হক আবেদন নামঞ্জুর করে তাকে জেল হাজতে পাঠানোর আদেশ দেন।
গত ২৭ মে গুলশান থানায় দ্নর্ুীতি দমন কমিশনের কর্মকর্তা মো. মনিরুজ্জামান নাসের দম্পতির বিরুদ্ধে এ মামলা দায়ের করেন।
এজাহারে বলা হয়, দুই অভিযুক্ত সম্পদের ঘোষণায় ২ কোটি ৬৩ লাখ ৫০ হাজার ২শ ৯৯ টাকার সম্পদ অর্জনের তথ্য গোপন করে মিথ্যা ও ভিত্তিহীন তথ্য দিয়েছেন। এছাড়া তারা যোগসাজশে জ্ঞাত আয়-বহির্ভূত ৬ কোটি ২৩ লাখ ৩৭ হাজার ৪শ ৩৫ টাকার অবৈধ সম্পদ অর্জন করেন।
রোববারই মামলাটি শেরেবাংলা নগরের এক নম্বর বিশেষ জজ আদালতে বিচারের জন্য পাঠানো হয়। আগামী ৫ ডিসেম্বর মামলার অভিযোগ গঠনের জন্য শুনানির দিনও ধার্য করেন বিচারক।
দুই কোটি টাকা চাঁদাবাজির মামলায় গত ১৮ সেপ্টেম্বর নাসের রহমানকে নয় বছর কারাদণ্ড দেয় সিলেটের একটি আদালত।
৩ ফেব্র"য়ারি রাতে নাসের রহমানকে গ্রেপ্তার করা হয়।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/পিবি/আরএ/এসকে/১৫৩২ঘ.
bdnews24