নীলফামারী, ডিসেম্বর ০১ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- নীলফামারী-ঢাকা রুটে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের পথচলা শুরু হয়েছে। শনিবার রাত সোয়া ১০টায় ২২৯ জন যাত্রী নিয়ে ট্রেনটি সৈয়দপুর রেল স্টেশন থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা হয়।
ঢাকা-সৈয়দপুর ৩৭৭ দশমিক ৪৭ কিলোমিটার দূরত্বের জন্য ট্রেনে ভাড়া নির্ধারণ করা হয়েছে শোভন চেয়ার ২১৫ টাকা, তাপানুকূল চেয়ার ৪২৫ টাকা ও তাপানুকূল স্লিপিং বার্থ ৮৭৪ টাকা। ৬১৪ আসনের এই ট্রেনে সৈয়দপুর স্টেশনের জন্য আসন বরাদ্দ দেওয়া হয়েছে ২৩৩টি।
সৈয়দপুর রেল স্টেশনে নীলসাগর ট্রেন সার্ভিসের উদ্বোধন করেন সেনাবাহিনীর ২২ পদাতিক ব্রিগেডের ব্রিগেডিয়ার জেনারেল জামিল আহমেদ খান। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন নীলফামারী জেলা প্রশাসক খন্দকার মোখলেসুর রহমান, রেলওয়ের পশ্চিমাঞ্চল জোনের মহাব্যবস্থাপক (জেনারেল ম্যানেজার) এ কে এম মুশফিকুর রহমানসহ সেনা ও রেলের কর্মকর্তারা।
উদ্বোধনী বক্তব্যে ব্রিগেডিয়ার জেনারেল জামিল আহমেদ বলেন, আগামী দুই থেকে তিন মাসের মধ্যে ট্রেনটি নীলফামারী-ঢাকা রুটে চালানোর পদক্ষেপ নেওয়া হচ্ছে।
রেলওয়ের সৈয়দপুর ডিএম মুসফিকুর রহমান জানান, ব্রডগেজ লাইনে চলাচলের জন্য ইন্দোনেশিয়া থেকে আমদানি করা বিলাসবহুল ৯টি ক্যারেজ (কোচ) দিয়ে সাজানো হয়েছে নীলসাগর এক্সপ্রেস। বিলাসবহুল এ ট্রেনে তাপানুকুল শ্লিপিং বাথ, তাপানুকুল চেয়ার ও শোভন চেয়ার শ্রেণীতে ভ্রমণের সু-ব্যবস্থা রয়েছে।
সৈয়দপুর রেলওয়ে স্টেশন থেকে রাত সোয়া ১০টায় ছেড়ে ট্রেনটি যাত্রা বিরতি করবে পার্বতীপুর, ফুলবাড়ী, জয়পুরহাট, আক্কেলপুর, সান্তাহার, আহসানগঞ্জ, নাটোর, সায়দাবাদ, ইব্রাহিমাবাদ, টাঙ্গাইল ও জয়দেবপুর স্টেশনে। ঢাকা ক্যান্টনমেন্ট স্টেশনে ট্রেনটি পৌঁছাবে সকাল ৭টায়। ট্রেনটি একইভাবে ঢাকা ক্যান্টনমেন্ট স্টেশন থেকে সকাল সোয়া ৮টায় ছেড়ে সৈয়দপুর স্টেশনে পৌঁছাবে বিকেল ৫টায়।
সৈয়দপুর থেকে ৭৬৬ ডাউন নীলসাগর এক্সপ্রেস শুক্রবার ও ঢাকা ক্যান্টনমেন্ট ৭৬৫ আপ নীলসাগর এক্সপ্রেস শনিবার চলাচল করবে না।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএআর/এমএসবি/২৩৩৭ ঘ.
bdnews24