দিনাজপুর, ডিসেম্বর ০১ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- কৃষকরা যেন সরাসরি সার পায় সে বিষয়ে পদক্ষেপ নেয়ার আশ্বাস দিয়েছেন শিল্প উপদেষ্টা গীতিআরা সাফিয়া চৌধুরী।
শনিবার দিনাজপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এক মতবিনিয় সভায় তিনি এ আশ্বাস দেন। উপদেষ্টা বলেন, সার সংগ্রহের ক্ষেত্রে কৃষকদের হয়রানি বন্ধে সারের সুষম বণ্টনে প্রয়োজনে বিতরণের নীতিমালা পরিবর্তন করা হবে।
খাদ্য ঘাটতি পূরণে বাস্তবমুখী পদক্ষেপ নেয়ার ওপর জোর দেন গীতিআরা চৌধুরী।
তিনি বলেন, "কৃষি ক্ষেত্রে উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে যেখানে যে ফসল বেশি উৎপাদন হয় সেখানে সে ফসল উৎপাদনের ওপর গুরুত্ব দিতে হবে। এলাকা ভিত্তিক উন্নয়নের কথা মাথায় রেখে ছোট ছোট শিল্প প্রতিষ্ঠানগুলোকে সচল ও এর উদ্যোক্তাদেরকে উৎসাহিত করতে হবে।"
নারী নির্যাতন প্রতিরোধ এবং সমাজে নারীদের অধিকার প্রতিষ্ঠার ওপরও গুরুত্ব দেন গীতিআরা চৌধুরী।
দিনাজপুর জেলা প্রশাসক এ এম সাইফুল হাসানের সভাপতিত্বে মতবিনিময় সভায় বক্তব্য রাখেন দিনাজপুর সেনা ক্যাম্পের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল নাজমুল হাসান, পুলিশ সুপার মোস্তফা কামাল, দিনাজপুর পৌরসভার চেয়ারম্যান সফিকুল হক ছুটু, দিনাজপুর শিল্প ও বনিক সমিতির সভাপতি রফিকুল ইসলাম, দিনাজপুর প্রেসক্লাবের সভাপতি চিত্ত ঘোষ প্রমুখ।
পরে উপদেষ্টা গীতি আরা সাফিয়া চৌধুরী সেতাবগঞ্জ চিনিকলের আখমাড়াই কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১৬১১ ঘ.
bdnews24