ঢাকা, ৩০ নভেম্বর (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- ক্রমবর্ধমান মাদকাসক্তি সমস্যা ও মারণব্যাধি এইডস সম্পর্কে সচেতনা সৃষ্টি করতে বাইসাইকেলযোগে টেকনাফ থেকে তেতুঁলিয়া যাবে পাঁচ তরুণ। এই প্রচারভিযান চলার পথে স্থানীয় আগ্রহী সাইক্লিস্টদেরও তাদের সঙ্গে যোগ দেওয়ার আহ্বান জানিয়েছেন উদ্যোক্তারা।
'পুনর্জীবন' মাদকাসক্তি পুনর্বাসন কেন্দ্র এবং সাইকেল চালকদের পরিচালিত স্বেচ্ছাসেবী সংগঠন 'সাইক্লিস্ট অ্যাসোসিয়েশন ফর পিস' (কাপ) নামে দুটি সংগঠন এই উদ্যোগ নিয়েছে। তাদের সহযোগিতা করছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, আলিতা (বিডি) লিমিটেড, ওয়ার্ল্ডভিশন এবং ইয়াং পাওয়ার ইন সোসাল অ্যাকশন (ইপসা)।
সংগঠনদুটির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়েছে।
শনিবার (১ ডিসেম্বর) দেশের সর্বদক্ষিণের টেকনাফ থেকে শুরু হয়ে ১৩ ডিসেম্বর ঢাকায় এসে প্রথম পর্যায়ের প্রচারিভাযানটি শেষ হবে। দ্বিতীয় পর্যায়ে ১৩ জানুয়ারি উত্তরপ্রান্তের তেঁতুলিয়া থেকে শুরু হয়ে ২৪ জানুয়ারি ২০০৮ ঢাকায় এসে শেষ হবে।
সাইকেলে এ পথ পরিক্রমা করবেন সুব্রত দাস নীতিশ, মোঃ নুরুজ্জামান, রাতুল আহমেদ, মামুন খান ও মোখলেস হোসেন সজীব। তবে দেশের যে কোনো অঞ্চলের আগ্রহী সাইক্লিস্টদেরকে পথে যে কোনো যায়গায় অংশগ্রহণ করতে আহবান জানিয়েছেন উদ্যোক্তারা।
এ প্রচারাভিযানে যোগ দিতে আগ্রহী সাইক্লিস্টদের রুটের ব্যাপারে বিস্তারিত তথ্যের জন্য মোবাইল নম্বর ০১৭১২৩৭৩৭৪৪ এবং ০১১৯১২২৪৮৯৯ এ যোগাযোগের অনুরোধ করা হয়েছে।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এসকে/এমএইচবি/২২১৭ ঘ.
bdnews24