ঢাকা, নভেম্বর ৩০ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম) - বিজয়ের মাস ডিসেম্বরের প্রথম দিনটি মুক্তিযোদ্ধা দিবস হিসেবে পালন করবে মুক্তিযোদ্ধা দাবি বাস্তায়ন ও মুক্তিযোদ্ধা দিবস উদযাপন জাতীয় কমিটি। এ উপলক্ষে সংগঠনটির পক্ষ থেকে শনিবার দিনব্যাপী কর্মসূচি ঘোষণা করা হয়েছে।
সকাল ৮টায় সংগঠনের পক্ষ থেকে শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধ সংলগ্ন মুক্তিযোদ্ধা কবরস্থানে শ্রদ্ধা নিবেদন করা হবে। দুপুরে মুক্তাঙ্গন থেকে বের হবে একটি শোভাযাত্রা। এরপর সোহরাওয়ার্দী উদ্যোনে শিখা চিরন্তণে শ্রদ্ধা নিবেদন শেষে বিকেলে জাতীয় প্রেস ক্লাব মিলনায়তনে হবে মুক্তিযোদ্ধা সমাবেশ।
কমিটির সদস্য অবসরপ্রাপ্ত মেজর জেনারেল সি আর দত্ত বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে বলেন, ''আমাদের বীর যোদ্ধারা মুক্তিযুদ্ধের মাধ্যমে দেশকে স্বাধীন করেছে। তাদের প্রতি দেশের প্রতিটি মানুষের শ্রদ্ধা আর ভালবাসা রয়েছে। একাত্তরের ডিসেম্বরের সেই বিজয়ের দিনগুলো ভবিষ্যৎ প্রজন্মের কাছে স্মরণীয় করে রাখতে এবং যুদ্ধের চেতনাকে নতুন করে জাগ্রত করতেই মুক্তিযোদ্ধা দিবস পালনের উদ্যোগ নেওয়া হয়েছে। দেশের জন্য যারা অকাতরে জীবন দিয়ে গেছেন, তাদের কাছে এই দেশ চিরঋণী।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এসএম/জেকে/এমএইচবি/২০২৫ ঘ.
bdnews24