২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

তদন্ত কর্মকর্তার দেওয়া প্রতিবেদন পুনরায় যাচাই করবে দুদক

দুর্নীতির অনুসন্ধান ও অভিযোগের তদন্ত প্রতিবেদন আরো বস্তুনিষ্ঠ করতে এ দুটি ক্ষেত্রে সংশিষ্ট কর্মকর্তার দেওয়া প্রতিবেদনগুলো পুনরায় যাচাই করার সিদ্ধান্ত নিয়েছে দুর্নীতি দমন কমিশন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Nov 2007, 02:44 PM

Updated : 26 Aug 2022, 09:01 PM

ঢাকা, নভেম্বর ২৯ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- দুর্নীতির অনুসন্ধান ও অভিযোগের তদন্ত প্রতিবেদন আরো বস্তুনিষ্ঠ করতে এ দুটি ক্ষেত্রে সংশিষ্ট কর্মকর্তার দেওয়া প্রতিবেদনগুলো পুনরায় যাচাই করার সিদ্ধান্ত নিয়েছে দুর্নীতি দমন কমিশন। এছাড়া অভিযুক্তদের স্থাবর সম্পত্তির মূল্য বা নির্মাণ ব্যয় নির্ধারণের ক্ষেত্রে অনুসন্ধান বা তদন্ত কর্মকর্তাকে যুক্তিসঙ্গত প্রমাণ সংগ্রহের তাগিদ দেওয়া হয়েছে। বৃহস্পতিবার দুর্নীতি দমন কমিশনের (দুদক) কেন্দ্রীয় কার্যালয়ে নিয়মিত প্রেস ব্রিফিংয়ে কমিশনের মহাপরিচালক কর্নেল হানিফ ইকবাল এ তথ্য জানান। দুর্নীতির অনুসন্ধান, তদন্ত ও মামলা করার ক্ষেত্রে 'দুর্নীতির ব্যাপকতার মাত্রা' গুরুত্বপূর্ণ বিবেচ্য হবে বলে তিনি জানান। কর্নেল হানিফ ইকবাল জানান, কমিশন ইতোমধ্যে যথেষ্ট প্রমাণ না পাওয়ায় সাতটি মামলায় চূড়ান্ত প্রতিবেদন দিয়েছে। এ সিদ্ধান্ত নেওয়ার সময় সংঘটিত দুর্নীতি অভিযুক্তের ব্যক্তিস্বার্থে হয়েছে কিনা, তার 'চুলচেরা বিশ্লেষণ' করা হয়েছে। তিনি আরো জানান, সাবেক আওয়ামী লীগের সাবেক সাংসদ মকবুল হোসেনের ছেলে মাসুদুর রহমান ও তার স্ত্রী সালমা রহমান এবং সাবেক বন সংরক্ষক আলী কবির হায়দারের বিরুদ্ধে মামলা দায়ের করার সিদ্ধান্ত অনুমোদন করেছে কমিশন। এছাড়া বিএনপি জোট সরকারের সাবেক যোগাযোগ প্রতিমন্ত্রী সালাউদ্দিন আহমদ এবং তার স্ত্রী হাসিনা আহমদ-এর বিরুদ্ধে দায়ের করা দুর্নীতির মামলার অভিযোগপত্র অনুমোদন করা হয়েছে। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এমকে/এমএসবি/এসকে/২০৩৪ঘ.