ঢাকা, নভেম্বর ২৮ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- বৈশ্বিক জলবায়ু পরিবর্তনের কারণে নাজুক অবস্থায় আছে বাংলাদেশ। এর ফলে খাদ্য নিরাপত্তা হুমকির মধ্যে পড়ার পাশাপাশি হ্রাস পেতে পারে স্বাদু পানির সরবরাহ।
বুধবার জাতীয় প্রেসক্লাবে বাংলাদেশ বিজ্ঞান লেখক ও সাংবাদিক ফোরাম আয়োজিত 'বিশ্বের জলবায়ু পরিবর্তন ও বাংলাদেশ' শীর্ষক সেমিনারে বক্তারা এ কথা বলেন।
সেমিনারে আইইউসিএন এর আবাসিক পরিচালক ড. আইনুন নিশাত বলেন, জলবায়ুর পরিবর্তনের কারণে খাদ্য নিরাপত্তা হুমকির মুখে পড়বে। ধ্বংস হবে প্রতিবেশ। এছাড়া, স্বাদু পানির সরবরাহও হ্রাস পাবে।
ঘূর্ণিঝড় সিডরের আঘাতে সুন্দরবনের ক্ষয়ক্ষতি সম্পর্কে তিনি বলেন, "সুন্দরবনকে সুন্দরবন হিসাবে থাকতে দিন। একে বনে পরিণত করবেন না। কতভাগ ক্ষতি হয়েছে তার হিসাব করে শতভাগ ক্ষতির দিয়ে নিয়ে যাবেন না।"
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভূগোল ও পরিবেশ বিভাগের সভাপতি এ কিউ এম মাহবুব বলেন, জলবায়ুর পরিবর্তনের দিক থেকে চিন্তা করলে বাংলাদেশ খুব নাজুক অবস্থায় পৌঁছে গেছে। পরিস্থিতির আর কিছুটা অবনতি হলেই এখানে বিপর্যয় শুরু হবে। কারণ, পৃথিবীর অন্য কোথাও এত অল্প জায়গায় এত বেশি লোক নেই।
সেমিনারে পরিবেশ বাঁচাও আন্দোলনের আহ্বায়ক আবু নাসের খান বলেন, "জলবায়ুর পরিবর্তন হলে জনসংখ্যা দিক থেকে বাংলাদেশ সবচেয়ে বেশি আক্রান্ত হবে। উন্নত দেশগুলোর দোষেই এটা হচ্ছে। আমরা কানো দান দক্ষিণা চাই না। কিন্তু বিপর্যয়ের ক্ষতিপূরণ আমাদের দিতে হবে।"
সেমিনারে মূল প্রবন্ধে বাংলাদেশ বিজ্ঞান লেখক ও সাংবাদিক ফোরামের সাধারণ সম্পাদক মীর লুৎফুল কবীর বলেন, উন্নত বিশ্বের কারণে উষ্ণায়নের শিকার হচ্ছে বাংলাদেশ। এজন্য এদেশে পুনর্বাসন প্রক্রিয়ায় সহায়তা করতে হবে। উন্নত বিশ্বে কার্বন নিসরণ বন্ধের জন্য উদ্যোগ নিতে হবে জাতিসংঘকে।
সেমিনারে সভাপতিত্ব করেন ফোরামের সভাপতি অধ্যাপক মুহাম্মদ ইব্রাহিম। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন নিউ নেশন পত্রিকার সম্পাদক মোস্তফা কামাল মজুমদার।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এমআরএফ/এসএনডি/এমএ/১৭২৪ঘ.
bdnews24