২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দুর্গতদের ৫০ লাখ টাকার চিকিৎসাসামগ্রী দেবে ওষুধ শিল্প সমিতি

ঘুর্ণিঝড়ে ক্ষতিগ্রস্তদের চিকিৎসা সেবায় সরকারের ত্রাণ তহবিলে ৫০ লাখ টাকার চিকিৎসাসামগ্রী দেবে বাংলাদেশ ওষুধ শিল্প সমিতি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Nov 2007, 04:31 PM

Updated : 26 Aug 2022, 09:00 PM

ঢাকা, নভেম্বর ২৭ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- ঘুর্ণিঝড়ে ক্ষতিগ্রস্তদের চিকিৎসা সেবায় সরকারের ত্রাণ তহবিলে ৫০ লাখ টাকার চিকিৎসাসামগ্রী দেবে বাংলাদেশ ওষুধ শিল্প সমিতি। মঙ্গলবার সচিবালয়ে স্বাস্থ্য মন্ত্রণালয়ে এক অনুষ্ঠানে স্বাস্থ্য উপদেষ্টা মতিউর রহমানের কাছে চিকিৎসাসামগ্রীর নমুনা হস্তান্তর করেন সমিতির নেতারা। স্বাস্থ্য উপদেষ্টা সমিতির নেতাদের ধন্যবাদ জানিয়ে বলেন, "বাংলাদেশের ওষুধ শিল্প আমাদের গর্ব। বিশ্বের ৬০টির বেশি দেশে বর্তমানে বাংলাদেশের ওষুধ রপ্তানি হচ্ছে।" ওষুধ শিল্প উদ্যোক্তাদের প্রতি তিনি বলেন, "বিশ্বের প্রতিটি দেশে যেন রপ্তানি করা যায় সেজন্য মানসম্মত ওষুধ উৎপাদন করতে হবে। বিদেশে রপ্তানি ছাড়াও উৎপাদিত ওষুধ দিয়ে দেশের মানুষের চাহিদা পূরণ ও সহনশীল মূল্যে ওষুধ সরবরাহ করতে হবে।" বাংলাদেশ ওষুধ শিল্প সমিতির সভাপতি এসএম শফিউজ্জামান ও মহাসচিব নাজমুল হাসানসহ জ্যেষ্ঠ নেতারা এসময় উপস্থিত ছিলেন। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এমকে/এমএসবি/এসকে/২২১৯ঘ.