২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

অভিযুক্ত কর্মকর্তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে খুলনা সিটি কর্পোরেশন

দুর্নীতি ও চাঁদাবাজি মামলায় অভিযুক্ত নয় জন কর্মকর্তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নিচ্ছে খুলনা সিটি করপোরেশন। সিটি করপোরেশেনের প্রধান নির্বাহী কর্মকর্তা মোকলেসুর রহমান মঙ্গলবার সাংবাদিকদের এ তথ্য জানান।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Nov 2007, 02:03 PM

Updated : 26 Aug 2022, 09:00 PM

খুলনা, নভেম্বর ২৭ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- দুর্নীতি ও চাঁদাবাজি মামলায় অভিযুক্ত নয় জন কর্মকর্তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নিচ্ছে খুলনা সিটি করপোরেশন। সিটি করপোরেশেনের প্রধান নির্বাহী কর্মকর্তা মোকলেসুর রহমান মঙ্গলবার সাংবাদিকদের এ তথ্য জানান। তিনি বলেন, "ব্যবস্থা নেয়ার প্রক্রিয়া ইতোমধ্যে শুরু হয়েছে। অভিযুক্তদের স্থায়ী ঠিকানায় তিন দিনের মধ্যে কাজে যোগদানের নির্দেশ দিয়ে ডাকযোগে চিঠি পাঠানো হচ্ছে। তাদের বেতন কাটারও নির্দেশ দেয়া হয়েছে।" কারা অন্তরীণ খুলনা সিটি মেয়র শেখ তৈয়েবুর রহমানের বিরুদ্ধে দায়ের করা বিভিন্ন চাঁদাবাজির মামলায় সিটি কর্পোরেশনের এ সব কর্মকর্তাকে আসামি করা হয়েছে। তবে তারা সবাই পলাতক রয়েছেন। অভিযুক্তরা হলেন, সিটি কর্পোরেশনের জনসংযোগ কর্মকর্তা সরদার আবু তাহের, প্রধান কর নির্ধারক হাফিজুর রহমান, নির্বাহী প্রকৌশলী মো. মশিউজ্জামান ও নাজমুল আহসান, প্রশাসনিক কর্মকর্তা মারুফ আল রশীদ, সহকারী হিসাব রক্ষণ কর্মকর্তা আব্দুল ওয়াদুদ ও আব্দুল আহাদ, মেয়রের ব্যক্তিগত সচিব ইশারাত এবং সহকারী সচিব খান শফিকুল হাসান দিদার। এদিকে মেয়রের বিরুদ্ধে সোমবার দায়ের করা একটি চাঁদাবাজির মামলায় কর্পোরেশনের রাজস্ব কর্মকর্তা তাছাদুজ্জামান ও লাইসেন্স পরিদর্শক টিটুকে আসামি করা হয়েছে। পর্যায়ক্রমে এদের বিরুদ্ধেও ব্যবস্থা নেয়া হবে বলে মোকলেসুর রহমান জানান। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১৯৫৭ ঘ.