২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বই ভেসে গেছে, আলো নেই- সামনে পরীক্ষা

সিডরের আঘাতে বিধ্বস্ত শরণখোলায় নেই কোনো বিদ্যুৎ, নেই কেরোসিন বা মোমবাতি। রাতের আধাঁর কাটাতে সেখানে আলোর বড়ই অভাব। শিক্ষার আলো সেখানে কিভাবে জ্বলবে এ প্রশ্ন গ্রামের সব শিক্ষার্থীর। দক্ষিণাঞ্চলের উপকূলীয় এলাকায় এখন অধিকাংশ গ্রামেরই এই ছবি। দক্ষিণের বিপন্ন জনপদ ঘুরে এসে লিখছেন বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমের সোহেল পারভেজ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Nov 2007, 01:46 PM

Updated : 26 Aug 2022, 09:00 PM

ঢাকা, নভেম্বর ২৭ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- সিডরের আঘাতে বিধ্বস্ত শরণখোলায় নেই কোনো বিদ্যুৎ, নেই কেরোসিন বা মোমবাতি। রাতের আধাঁর কাটাতে সেখানে আলোর বড়ই অভাব। শিক্ষার আলো সেখানে কিভাবে জ্বলবে এ প্রশ্ন গ্রামের সব শিক্ষার্থীর। দক্ষিণাঞ্চলের উপকূলীয় এলাকায় এখন অধিকাংশ গ্রামেরই এই ছবি। ঝড়ের আঘাতে প্রায় সব শিক্ষার্থীর বই ভেসে গেছে বা পানিতে ভিজে নষ্ট হয়ে গেছে। এক শিক্ষার্থীর বাবা আব্দুস সালাম একটি ইংরেজি গ্রামার বই নিয়ে চাঁদের আলোয় পড়ার চেষ্টা করছেন। কিন্তু চাঁদও এতটা উজ্জ্বল নয় যে সে আলোয় বই পড়া যাবে। দক্ষিণের বিপন্ন জনপদ ঘুরে এসে লিখছেন বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমের সোহেল পারভেজ। রোববার রাতে আব্দুস সালামের এক আত্মীয় তাকে একটি সরকারি 'রিলিফ কার্ড' দিতে চাইলো। জবাবে আব্দুস সালাম প্রতিবেশীকে বললেন, "তারা (সরকার) কি আমাকে বই দেবে? আমার 'রিলিফ কার্ড' দরকার নেই। আমার দরকার বই। আমার মেয়ের বইগুলো ঝড়ের সময় পানির স্রোতে ভাসিয়ে নিয়ে গেছে।" সালাম জানান, তার একটি মেয়ে ২০০৭ সনের মাধ্যমিক (এসএসসি) পরীক্ষার্থী। তার ছোট মেয়ে তাফালবাড়ি স্কুল অ্যান্ড কলেজের নবম শ্রেণীর ছাত্র। সালামের বাড়ি শরণখোলায়। ১৫ নভেম্বরের সিডরে এলাকার ৩০ হাজার অধিবাসীর বাসস্থান ও জীবন ধারনের উপকরণ ধ্বংস হয়ে গেছে। ২৫০ কিলোমিটার বেগে ধেয়ে আসা ঘূর্ণিঝড়ের আঘাতে বেশিরভাগ শিক্ষার্থীর শিক্ষা উপকরণ হারিয়ে গেছে। ধ্বংস হয়ে গেছে শিক্ষা প্রতিষ্ঠানগুলোর কাঠের অবকাঠামো। উচ্চ মাধ্যমিক পর্যায়ের ছাত্রী ফাতিমা বলেন, বাড়ির ছাদের কাছাকাছি বইগুলো তুলে রেখেছিলাম। ঝড় শেষে সেগুলো আর পাইনি। ঝড়ের সময় পরিবারের বাকিদের সঙ্গে ফাতেমাও বাড়ির গোসলখানায় আশ্রয় নিয়েছিলো। অষ্টম শ্রেণীর ছাত্রী পারুলও ঝড়ে তার বইগুলো হারিয়েছে। সে জানায় সামনে তার বৃত্তি পরীক্ষা। "পরীক্ষার সময় এগিয়ে এসেছে। বই না পেলে আমি পরীক্ষা দিতে পারবো না।" তাফালবাড়ি স্কুল অ্যান্ড কলেজের গণিতের শিক্ষক ফিরোজ আহমেদ বলেন, "কার বই হারায় নি? এলাকার প্রায় সব শিক্ষার্থীর বই নষ্ট হয়েছে বা ভেসে গেছে।" সামনের এসএসসি ও এইচএসসি পরীক্ষার বিষয়ে ফিরোজ আহমেদ বলেন, "এখনই বই না পেলে পরীক্ষায় অংশ নেওয়া তাদের জন্য কঠিন হবে।" এ ব্যাপারে জানতে চাওয়া হলে বাগেরহাটের জেলা প্রশাসক শহিদুল ইসলাম বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে জানান, সরকার ক্ষতিগ্রস্তদের বই দেবে। এ বিষয়ে সরকারের সিদ্ধান্তের কথা জানিয়ে তিনি বলেন, "পরীক্ষার্থীদের দ্রুত বই দেব আমরা।" বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এসপি/টিএইচ/এমএ/১৯২৫ঘ.