বরিশাল, নভেম্বর ২৭ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- সমন্বয়ের মাধ্যমে ত্রাণ বিতরণের আহ্বান জানিয়ে প্রধান উপদেষ্টা ড. ফখরুদ্দীন আহমদ বলেছেন, প্রশাসনের সঙ্গে আলোচনার মাধ্যমে ত্রাণ বিতরণ করুন। যারা ত্রাণ দিতে এগিয়ে আসবেন তাদেরকে স্থানীয় প্রশাসনের সঙ্গে আলোচনা করে ঠিক করতে হবে দুর্গত এলাকার কোন স্থানে ত্রাণ প্রয়োজন।
দুর্গত এলাকা পরিদর্শন এবং ত্রাণ বিতরণ শেষে মঙ্গলবার বিকেলের দিকে বরিশাল বিমান বন্দরের লাউঞ্জে প্রধান উপদেষ্টা সাংবাদিকদের মাধ্যমে দেশবাসীর কাছে এ আহবান জানান।
তিনি বলেন, "রাজনৈতিক দলগুলো দুর্যোগ মোকাবেলায় এগিয়ে আসতে শুরু করেছে। দেশের দুর্যোগ মোকাবেলায় তাদের সবারই এগিয়ে আসা উচিত এবং তারা এগিয়ে আসবেন বলে আশা করি।"
প্রধান উপদেষ্টা বলেন, "বেসরকারি প্রশাসন, সেনা, নৌ ও বিমান বাহিনী দুর্গত লোকদের দুর্দশা লাঘবে সুসমন্বিতভাবে কাজ করছে। যতদিন না এ সমস্যার সমাধান হচ্ছে, ততদিন তারা নিরলসভাবে কাজ করে যাবেন।"
তিনি জানান, এই মুহূর্তে ঘূর্ণিঝড় উপদ্রুত এলাকায় সবচেয়ে জরুরি প্রয়োজন খাদ্য, কাপড়, পানি আর চিকিৎসা সেবা। যা পর্যাপ্ত পরিমাণে বিতরণ করা হচ্ছে।
প্রধান উপদেষ্টা বলেন, "ত্রাণ তৎপরতা আরো জোরদার করা হচ্ছে। কিছু এলাকায় পুনর্বাসন কর্মসূিচ ইতোমধ্যেই শুরু হয়েছে।"
তিনি জানান, সরকার ক্ষতিগ্রস্ত জেলে, হাঁস-মুরগি ও গবাদি খামার মালিক ও ক্ষুদ্র ব্যবসায়ীদের সহজ শর্তে ঋণ দিবে।
ক্ষতিগ্রস্ত ঋণ প্রাপ্তিদের তালিকা তৈরি করে পল্লী কর্মসহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ) মৎস্য, পশু ও কৃষি খাতে ১৩০ কোটি টাকার ঋণ বিতরণ করবে।
ফখরুদ্দীন আহমদ বলেন, "প্রধান উপদেষ্টার ত্রাণ তহবিল থেকে গৃহনির্মাণ অনুদান হিসেবে ২৮ কোটি টাকা ইতোমধ্যেই বিতরণ করা হয়েছে। গৃহনির্মাণের জন্য সরকার আরো ২০ কোটি টাকা বরাদ্দ করেছে। আগামী ১ ডিসেম্বর থেকে চার মাস পর্যন্ত এ অঞ্চলের ২৬ লাখ ক্ষতিগ্রস্ত কার্ডধারী বিশেষ ভিজিএফ'র সুবিধা পাবে। বিশেষ ভিজিএফ কার্ড তাদেরকে নিজ কর্মক্ষেত্রে সাহায্য করবে। এ কার্ডের পাশাপাশি টিআর, কাবিখা কর্মসূচি অব্যহত থাকবে।"
দুর্গত এলাকায় কৃষি ঋণ মওকুফ প্রসঙ্গে প্রধান উপদেষ্টা বলে, "এ ব্যাপারে স্ব স্ব ব্যাংক কর্মকর্তাদেরকে বলা হয়েছে। তারা বিষয়টি বিবেচনায় নিবেন।"
তিনি জানান, শুধু কৃষি নয়, ক্ষুদ্র ব্যবসায়ীরা ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত হয়েছে। সরকার এ বিষয়গুলো চিন্তা করে পুনর্বাসনের পরিকল্পনা গ্রহণ করবে।
প্রধান উপদেষ্টা বলেন, "দুর্গত এলাকায় এনজিওগুলোকে তাদের ঋণ ওঠানোর কার্যক্রম বন্ধ রাখার জন্য বলা হয়েছে। এ ব্যাপারে এনজিওগুলো আমাকে আশ্বস্ত করেছে।"
প্রধান উপদেষ্টা এর আগে বাগেরহাটের শরণখোলা, মঠবাড়ীয়া ও কাঠালিয়ার বিভিন্ন দুর্গত এলাকা পরিদর্শন ও ত্রাণ বিতরণ শেষে দুপুরের দিকে বিমান বন্দরে সরকারি কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় মিলিত হন।
এ সময় প্রধান উপদেষ্টার সামনে এলাকার ঘূর্ণিঝড় পরবর্তী ত্রাণ ও পুনর্বাসন কার্যক্রম সম্পর্কে ৫৫ পদাাধিক ডিভিশনের জিওসি মেজর জেনারেল রফিকুল ইসলাম বিভিন্ন তথ্য উপস্থাপন করেন।
ওই সভায় উপস্থিত ছিলেন যোগাযোগ উপদেষ্টা ও ত্রাণ ও পুনর্বাসন কমিটির প্রধান সমন্বয়ক অবসরপ্রাপ্ত মেজর জেনারেল এম এ মতিন, আমেরিকান দূতাবাসের চার্জ দ্য অ্যাফেয়ার্স গীতাপাসি, আমেরিকান সেনাবাহিনীর ব্রিগ্রেডিয়ার জেনারেল রোনাল্ড বেইলি, প্রধান উপদেষ্টার প্রেস সচিব সৈয়দ ফাহিম মুনেম ও বরিশাল বিভাগীয় কমিশনার মোহম্মদ হারুন চৌধুরী।
আমাদের বাগেরহাট প্রতিনিধি জানিয়েছেন, প্রধান উপদেষ্টা ড. ফখরুদ্দীন আহমদ মঙ্গলবার বাগেরহাটের দুর্যোগ কবলিত শরণখোলা উপজেলায় যান।
হেলিকপ্টারে করে সকাল ১০টায় তিনি সাউথখালী ইউনিয়নের দক্ষিণ সাউথখালী গ্রামের গাবতলা এলাকায় নামেন। সেখানে স্থানীয় সরকার ও প্রকৌশল অধিদপ্তরের উদ্যোগে নির্মিত পানি শোধনাগারটি পরিদর্শন করেন তিনি।
ঘূর্ণিঝড় সিডরের আঘাতের পর ওই এলাকায় সুপেয় পানির তীব্র সঙ্কট দেখা দেওয়ায় জরুরি ভিত্তিতে পানি শোধনাগারটি নির্মাণ করা হয়।
পরে প্রধান উপদেষ্টা দুর্গতদের মধ্যে শীতবস্ত্র বিতরণ করেন।
ঝড়ে ক্ষতিগ্রস্ত এলাকায় ত্রাণ তৎপরতা জোরদার এবং সমন্বয় বজায় রাখতে সরকারি কর্মকর্তাদের প্রতি নির্দেশ দেন প্রধান উপদেষ্টা। একই সঙ্গে বিধ্বস্ত শিক্ষা প্রতিষ্ঠান, রাস্তাঘাট মেরামতের কাজ দ্রুত করার ওপরও জোর দেন তিনি।
প্রধান উপদেষ্টা পৌনে ১১টার দিকে সাউথখালী ত্যাগ করেন।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/এমএআর/১৮৩৮ ঘ.
bdnews24