২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

১০ লাখ টন খাদ্য ঘাটতির আশঙ্কা

দু'দফা বন্যা ও ঘূর্ণিঝড়ের কারণে চলতি বছর দেশে প্রায় ১০ লাখ টন খাদ্য ঘাটতির আশঙ্কা করছে সরকার। এদিকে, বাংলাদেশে সম্ভাব্য খাদ্য সঙ্কটের পরিপ্রেক্ষিতে খাদ্যশস্য রপ্তানির ওপর নিষেধাজ্ঞা তুলে নিয়েছে ভারত। প্রাথমিকভাবে দেশটি বাংলাদেশে ৫০ হাজার টন চাল রপ্তানি করার ঘোষণা দিয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Nov 2007, 11:56 AM

Updated : 26 Aug 2022, 09:00 PM

ঢাকা, নভেম্বর ২৬ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- দু'দফা বন্যা ও ঘূর্ণিঝড়ের কারণে চলতি বছর দেশে প্রায় ১০ লাখ টন খাদ্য ঘাটতির আশঙ্কা করছে সরকার। এদিকে, বাংলাদেশে সম্ভাব্য খাদ্য সঙ্কটের পরিপ্রেক্ষিতে খাদ্যশস্য রপ্তানির ওপর নিষেধাজ্ঞা তুলে নিয়েছে ভারত। প্রাথমিকভাবে দেশটি বাংলাদেশে ৫০ হাজার টন চাল রপ্তানি করার ঘোষণা দিয়েছে। খাদ্য ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব ড. মোহাম্মদ আইয়ুব মিয়া সোমবার তার কার্যালয়ে নিয়মিত সংবাদ ব্রিফিংয়ে এ কথা জানান। তিনি বলেন, "দেশে এখন প্রায় সাত লাখ ৩৫ হাজার টন খাদ্যশস্য মজুদ আছে। গত বছর একই সময়ে এর পরিমাণ ছিল ছয় লাখ ২৯ হাজার টন। এখন পর্যাপ্ত মজুদ থাকলেও মনে রাখতে হবে, এ বছর বাংলাদেশে দুটি বন্যা ও ঘূর্ণিঝড় সিডরের আঘাতে ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে। এতে কৃষকরা তাদের ফসল ঘরে তুলতে পারেনি। ফলে দেশে খাদ্যের ঘাটতি দেখা দেবে।" বিভিন্ন দাতা দেশ ও সংস্থাকে দেশীয় বাজার থেকে খাদ্যশস্য সংগ্রহ করে ত্রাণ না দিয়ে আমদানির পরামর্শ দেওয়া হয়েছে বলে সচিব জানান। কারণ হিসেবে তিনি বলেন, "এখনই খাদ্যশস্য আমদানি করা না গেলে আগামী মার্চ মাস নাগাদ দেশে খাদ্যের মজুদ কমে যাবে। এর বিরূপ প্রভাব পড়বে বাজারে। তাই সরকার আমদানিকেই প্রাধান্য দিচ্ছে।" সচিব আইয়ুব মিয়া জানান, সম্ভাব্য খাদ্য সঙ্কট এড়াতে প্রতিবেশী দেশ ভারত এরই মধ্যে বাংলাদেশে চালসহ খাদ্য সামগ্রী রপ্তানির ওপর নিষেধাজ্ঞা প্রত্যাহার করেছে। প্রাথমিকভাবে ৫০ হাজার টন চাল রপ্তানির অনুমোদন দিয়েছে তারা। পর্যায়ক্রমে তাদের কাছ থেকে বাংলাদেশ চাহিদা অনুযায়ী চাল আমদানি করতে পারবে। ভারতীয় কর্তৃপক্ষ বাংলাদেশের কাছে চাহিদার বিষয়ে জানতে চেয়েছে। দু'একদিনের মধ্যে এ সম্পর্কে তাদের জানানো হবে। ঝড়ে ক্ষতিগ্রস্তদের জন্য ভারত সরকার ত্রাণ হিসেবে প্রাথমিকভাবে ১০ হাজার টন খাদ্যশস্য পাঠাচ্ছে বলেও জানান খাদ্য মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব। তিনি বলেন, "এ সহায়তা ছাড়াও পর্যায়ক্রমে ভারত সরকার দুই কোটি ২০ লাখ ডলারের ৪০ হাজার টন চাল, ১০ হাজার টন গম ও এক হাজার টন শিশুখাদ্য পাঠাবে।" তিনি জানান, সোমবার বিকেল পর্যন্ত ঘূর্ণিঝড়ে নিহতের সংখ্যা তিন হাজার ২৪৩ জনে উন্নীত হয়েছে। বরগুনার দুর্গম এলাকায় আরও ৪৪ জনের মৃতদেহ উদ্ধার হওয়ার পর মৃতের মোট সংখ্যা বেড়েছে। এছাড়া, ঝড়ের পর এখনো নিখোঁজ আছেন ৮৮০ জন। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এমকে/এসএনডি/এমএ/১৭৪৮ঘ.