২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মালয়েশিয়া পাচারের পথে ট্রলারডুবি, ৫ লাশ উদ্ধার

কক্সবাজারের সীমান্ত উপজেলা টেকনাফের শাহপরীর দ্বীপের কাছে সাগরে একটি কার্গো ট্রলারডুবি হয়েছে। ডুবে যাওয়া ট্রলারের পাঁচ যাত্রীর লাশ পাওয়া গেছে। কার্গো ট্রলারটিতে করে অর্ধশতাধিক যুবককে মালয়েশিয়া পাচার করা হচ্ছিল বলে পুলিশ ও স্থানীয়রা জানিয়েছেন। এ ঘটনায় হত্যা ও প্রতারণার অভিযোগে সোমবার একটি মামলা হয়েছে। শনিবার রাতে শাহপরীর দ্বীপের কাছে ট্রলারটি ডুবে যায়। (আরো তথ্যসহ)

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Nov 2007, 10:16 AM

Updated : 26 Aug 2022, 09:00 PM

কক্সবাজার, নভেম্বর ২৬ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- কক্সবাজারের সীমান্ত উপজেলা টেকনাফের শাহপরীর দ্বীপের কাছে সাগরে একটি কার্গো ট্রলারডুবি হয়েছে। ডুবে যাওয়া ট্রলারের পাঁচ যাত্রীর লাশ পাওয়া গেছে। কার্গো ট্রলারটিতে করে অর্ধশতাধিক যুবককে মালয়েশিয়া পাচার করা হচ্ছিল বলে পুলিশ ও স্থানীয়রা জানিয়েছেন। এ ঘটনায় হত্যা ও প্রতারণার অভিযোগে সোমবার একটি মামলা হয়েছে। শনিবার রাতে শাহপরীর দ্বীপের কাছে ট্রলারটি ডুবে যায়। রোববার এক জনের লাশ পাওয়া যায়। তবে সেদিন ট্রলারডুবির খবর স্বীকার করেনি পুলিশ। পরে রোববার রাতে পুলিশ সেন্ট মার্টিনের কাছের শাহপরীর দ্বীপে অভিযান চালিয়ে ডুবে যাওয়া ট্রলারের জীবিত এক যাত্রীকে খুঁজে পায়। টেকনাফ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জসিম উদ্দিন সোমবার বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন, আবুল হাশিম নামে ওই যুবককে জিজ্ঞাসাবাদ করে ট্রলারডুবির বিষয়টি নিশ্চিত হওয়া গেছে। সোমবার সকালে শাহপরীর দ্বীপ উপকূলে অজ্ঞাত পরিচয় দুটি লাশ ভেসে আসে বলে জসিম উদ্দিন জানান। দুপুর সাড়ে ১২টার দিকে ভেসে আসে আরো দুটি লাশ। তবে এদের কারোরই পরিচয় পাওয়া যায়নি। পুলিশ কর্মকর্তা জানান, মালয়েশিয়ায় অবৈধভাবে মানুষ পাচারের অভিযোগটি গুরুত্বের সঙ্গে নিয়েছে পুলিশ। পাচারকারী ও ট্রলার মালিকদের ধরতে অভিযান চলছে। আবুল হাশিমের উদ্ধৃতি দিয়ে ওসি জানান, পাচারকারীদের প্রলোভনে পড়ে শনিবার রাতে হাশিমসহ ৭৫ যুবক মালয়েশিয়ায় যাবার জন্য ওই ট্রলারে চড়ে। ওই যুবকদের মধ্যে মিয়ানমারের নাগরিকও রয়েছে। ট্রলার ডুবে গেলে হাশিম সাঁতরে কূলে ফিরে আসে। জসিম উদ্দিন আরো জানান, হাশিম উল্লাহকে বাদি করে ছয় জনের নাম উল্লেখসহ মোট ১৩ জনকে আসামি করে সোমবার বিকালে টেকনাফ থানায় একটি মামলা নথিভুক্ত করা হয়। এর প্রধান আসামি করা হয়েছে ডেইলপাড়ার সাব্বির আহমদকে। এজাহারে হত্যা ও প্রতারণার অভিযোগ আনা হয়েছে বলে ওই পুলিশ কর্মকতা জানান। এদিকে টেকনাফের সাবরাং এলাকার জেলে করিম উল্লাহ বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে বলেছেন, তিনি সোমবার সকালে টেকনাফ থেকে ৫/৬ কিলোমিটার পশ্চিমে সাগরে অন্তত ১৮টি লাশ ভাসতে দেখেছেন। উদ্ধার করা পাঁচটি লাশের বিষয়ে ওসি জসিম উদ্দিন জানান, এদের পরিচয় পাওয়া গেলে আত্মীয়-স্বজনের কাছে হস্তান্তর করা হবে। তা না হলে গেলে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের অনুমতি নিয়ে শাহপরীর দ্বীপ উপকূলেই তাদের দাফন করা হবে। ট্রলার উদ্ধারের বিষয়ে তিনি বলেন, গভীরে সাগরে ডুবে যাওয়ায় এটি উদ্ধার করা সম্ভব নয়। তাছাড়া পুলিশের কাছে এ ধরনের যন্ত্রপাতিও নেই। শাহপরীর দ্বীপ এলাকার শিক্ষক জাহেদুর রহমান বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে জানান, শনিবার সন্ধ্যায় শাহপরীর দ্বীপ থেকে চারটি ছোট নৌকায় করে অর্ধশতাধিক মানুষকে বঙ্গোপসাগরে অপেক্ষমাণ একটি কার্গো ট্রলারে নিয়ে যায় পাচারকারীরা। শাহপরীর দ্বীপ ইউনিয়নের চেয়ারম্যান হামিদুর রহমানও তার বক্তব্য সমর্থন করেন। তারা জানায়, একটি চক্র দীর্ঘদিন ধরেই সাগর দিয়ে আদম পাচারে জড়িত। বিভিন্ন এলাকার দালালদের মাধ্যমে লোক সংগ্রহ করে ট্রলারে করে সুদূর মালয়েশিয়ার উদ্দেশে পাঠায়। কিন্তু এসব ভাগ্যবিড়ম্বিত যুবকদের অনেকেই মিয়ানমার ও থাইল্যান্ডের উপকূল রক্ষীদের হাতে গ্রেপ্তার হয়ে দেশগুলোতে হাজতবাস করছেন। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/এসকে/১৮৪৩ ঘ.